ব্রাজ়িল ম্যাচ আয়োজন করে ৮৫ কোটির ক্ষতি? FD ভাঙার প্রস্তাব কল্যাণ চৌবের
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬

ব্রাজ়িল, উরুগুয়ে ও পানামার বিরুদ্ধে FIFA ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের উৎসাহের কমতি ছিল না। ভারত একটি ম্যাচেও জয় পায়নি, তবে মন জিতেছিল প্লেয়ারদের চেষ্টা। কিন্তু এই তিন ম্যাচ আয়োজনের ফলে নাকি প্রায় ৮০ থেকে ৮৫ কোটি টাকার আর্থিক ঘাটতির মুখে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে ঘাটতি মেটাতে ফেডারেশনের ফিক্সড ডিপোজ়িট ভাঙার প্রস্তাব দিয়েছিলেন সভাপতি কল্যাণ চৌবে, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে।
তবে রবিবার অনলাইনে আয়োজিত বিশেষ সাধারণ সভায় (SGM) তাঁর প্রস্তাবে আপত্তি জানান একাধিক সদস্য। এই খবর প্রকাশ্যে আসার পরেই জোর চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ঠিক কী বলেছিলেন কল্যাণ চৌবে?
ফিক্সড ডিপোজ়িট ভাঙার প্রস্তাব কল্যাণ চৌবের
সভায় উপস্থিত এক রাজ্যসংস্থার শীর্ষকর্তা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই নিয়ে। কল্যাণ চৌবে জানিয়েছিলেন, তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের ফলে তৈরি হওয়া আর্থিক ঘাটতি মেটাতে তিনি ফিক্সড ডিপোজ়িট (FD) থেকে টাকা তুলতে চান। পরে অবশ্য তিনি সদস্যদের আশ্বাস দেন, বাইরের কোনও সূত্র থেকে টাকার ব্যবস্থা করে FD থেকে তোলা টাকা ফেরত দেওয়া হবে।
তবে ঠিক কত টাকার ঘাটতি তৈরি হয়েছে, তা সদস্যদের জানানো হয়নি। ম্যাচ আয়োজনের চুক্তিতে এই নিয়ে গোপনীয়তার শর্ত থাকায় টাকার অঙ্ক প্রকাশ করা হয়নি বলে দাবি ওই কর্তার।
কল্যাণের প্রস্তাবে আপত্তি বাকি সদস্যদের
শুধু ওই শীর্ষকর্তা নন, AIFF-এর এগজ়িকিউটিভ কমিটির আরও এক সদস্য নিশ্চিত করেছেন কল্যাণের এই ফিক্সড ডিপোজ়িট ভাঙার প্রস্তাব। তাঁর দাবি, সভায় উপস্থিত প্রায় সব সদস্যই এই প্রস্তাবে আপত্তি জানান। তাঁদের একাংশের বক্তব্য, জরুরি পরিস্থিতি তৈরি না হলে ফেডারেশনের ফিক্সড ডিপোজ়িটে হাত দেওয়া উচিত নয়। AIFF-এর সহ-সভাপতি এনএ হ্যারিসও আলোচনায় অংশ নেন। তাঁর বক্তব্য, ফেডারেশনের এগজ়িকিউটিভ কমিটি আগেই FD ভাঙার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল।
আগের আশ্বাস নিয়েও উঠছে প্রশ্ন
এই বিতর্কের জেরে চর্চা বেড়েছে কল্যাণ চৌবের পুরনো এক বক্তব্য নিয়েও। ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিরুদ্ধে ম্যাচ নিয়ে তিনি আগে জানিয়েছিলেন, এই FIFA ফ্রেন্ডলি আয়োজনের আর্থিক বোঝা ফেডারেশনকে বহন করতে হবে না। কিন্তু বর্তমানে প্রায় ৮০-৮৫ কোটি টাকার ঘাটতি এবং FD ভাঙার প্রস্তাবে সেই আশ্বাস নিয়ে উঠছে প্রশ্ন।


