Advertisement

নেই সাহাল, ফিরছেন ম্যাকলারেন, ওডিশা ম্যাচের আগে রেফারিং নিয়ে ক্ষোভ মোহনবাগান কোচের

এই সময়

প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬

ফিরছেন ম্যাকলারেন, রেফারিং নিয়ে ক্ষোভ মোহনবাগান কোচের,ছবি: X
ফিরছেন ম্যাকলারেন, রেফারিং নিয়ে ক্ষোভ মোহনবাগান কোচের,ছবি: X

দীপাবলির আবহে সমর্থকদের জন্য উপহার হিসেবে ফ্রি টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছে মোহনবাগান। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে নামবে সুবুজ-মেরুন ব্রিগেড। তার আগে সাংবাদিক বৈঠকে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন মোহনবাগানের হেড কোচ পানোস। চোটের জন্য এই ম্যাচে নেই নির্ভরযোগ্য ফুটবলার সাহাল আব্দুল সামাদ। গত ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। তবে ভয়াবহ ফাউলের পরেও রেফারির কার্ড না দেখানো নিয়ে ক্ষোভ জানালেন তিনি। এর পাশাপাশি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার বার্তা দিলেন। আর কী জানালেন পানোস?

রেফারিং নিয়ে ক্ষোভ, নেই সাহাল, ফিরছেন ম্যাকলারেন

দলের অন্যতম ক্রিয়েটিভ মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ গুরুতর চোটের কারণে নেই ওডিশা ম্যাচে। গত ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এ বার রেফারিদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন কোচ পানোস। স্পষ্ট জানালেন রেফারি কার্ড না দেখালে বিপক্ষ প্লেয়ারদের আগ্রাসী ট্যাকল ও ফাউলের প্রবণতা বাড়বে।

পানোসের কথায়, ‘সাহালের হাঁটুতে খুব বাজে ভাবে আঘাত লেগেছে। প্রতিপক্ষকে হলুদ কার্ড ছাড়া অতিরিক্ত কড়া ট্যাকল করার সুযোগ দিলে চোটের প্রবণতা বাড়বেই।’ সাহালের পাশাপাশ এই ম্যাচে নেই আশিক কুরুনিয়েনও। তবে দলের জন্য স্বস্তির খবর—স্কোয়াডে ফিরেছেন জেমি ম্যাকলারেন। এই ম্যাচে পরিবর্ত হিসেবে নামতে পারেন তিনি।

মোহনবাগানের প্র্যাকটিসে জেমি ম্যাকলারেন (বাঁ দিকে), কোচ পানোস (ডান দিকে)

শুরু থেকেই আগ্রাসী ফুটবলের বার্তা

শেষ কয়েকটি ম্যাচে পিছিয়ে পড়ে কামব্যাক করেছে দল। তবে ওডিশার বিরুদ্ধে এই প্রবণতা বন্ধ করতে চান কোচ। তিনি বলেন, ‘ম্যাচের শুরু এবং দ্বিতীয়ার্ধ শুরুর সময়ে আমাদের অনেক বেশি সতর্ক ও মনোযোগী হতে হবে। হোম ম্যাচে প্রতিপক্ষের উপরে শুরু থেকেই চাপ তৈরি করতে হবে। আক্রমণাত্মক মেজাজে খেলে দ্রুত একটি গোল তুলে নিতে পারলে বিপক্ষ দল ডিফেন্সিভ শেপ ভেঙে বেরিয়ে আসতে বাধ্য হবে। ফলে আমাদের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ আরও বাড়বে।’

মোহনবাগানের প্র্যাকটিসে জেমি ম্যাকলারেন (বাঁ দিকে), কোচ পানোস (ডান দিকে)

জ়িদান ও রিয়াল মাদ্রিদের উদাহরণ টেনে সমর্থকদের জবাব

জয়ের হ্যাটট্রিকের পরেও খেলার ধরন নিয়ে সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন পানোস। তবে সেই সমালোচনাকে হালকা চালে উড়িয়ে দিয়েছেন তিনি। উদাহরণ টানেন জ়িদান ও রিয়াল মাদ্রিদের। বলেন, ‘রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পরেও চতুর্থ মরশুমে জ়িদানকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এটাই ফুটবল। দল যখন ভালো খেলবে না, তখন সমালোচনা মেনে নেওয়াটাই স্বাভাবিক।’

মোহনবাগানের প্র্যাকটিসে জেমি ম্যাকলারেন (বাঁ দিকে), কোচ পানোস (ডান দিকে)

ফিনিশিংয়ের সমস্যা মেনে নিলেন কোচ

পাঞ্জাবের বিপক্ষে ২-১ গোলে জিতলেও দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিল মোহনবাগান। সেটাকে মূলত আত্মবিশ্বাসের ঘাটতি হিসেবে দেখছেন কোচ। তাই ফিনিশিংয়ের সময়ে প্লেয়ারদের শান্ত ও আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিলেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিফেন্ডার রাহুল ভেকেও। তিনি জানালেন, ‘ক্লিন শিট’ রাখা অগ্রাধিকার হলেও দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলবার্তো রদ্রিগেজের সঙ্গে তাঁর জুটির পাশাপাশি শুভাশিস বসু, মেহতাব সিং ও অভিষেকদেরও প্রশংসা করেন ভেকে।

Lading . . .