‘…জাতীয় দলে আমাকে চায় না’, অবসর নিয়ে বড় ঘোষণা ক্রিস্তিয়ানো রোনাল্দোর
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফিফা বিশ্বকাপে ব্যর্থতার পরেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনাল্দো। তবে শোনা যাচ্ছিল নেশন্স লিগে ওয়েলসের বিরুদ্ধে ম্যাচের পরেওই বুটজোড়া তুলে রাখতে পারেন এই তারকা প্লেয়ার। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এটাই তাঁর পেশাদার কেরিয়ারে শেষ মরশুম হতে চলেছে। এ বার ইউ-টার্ন নিলেন রোনাল্দো। জল ঢাললেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জল্পনায়। এখনও পর্তুগালের জার্সিতে তাঁর খেলার প্রয়োজন রয়েছে বলে মনে করেন ৪১ বছরের তারকা। তবে যে দিন ম্যানেজমেন্ট বলবে আর প্রয়োজন নেই, সে দিন বিদায় নেওয়ার জন্য তৈরি, এমনটাও জানালেন রোনাল্দো।
অবসরের জল্পনা ওড়ালেন রোনাল্দো
এখনই অবসরের কোনও ভাবনা নেই, তা জানালেন রোনাল্দো। সম্প্রতি পর্তুগালের কোচ জর্জে জেসুসও জানিয়েছেন, বৃহস্পতিবার নেশন্স লিগে ওয়েলসের বিরুদ্ধে প্রথম ম্যাচে রোনাল্দোই শুরু করবেন। তাঁর কথায়, রোনাল্ডো পর্তুগাল এবং জাতীয় দলের প্রতীক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে রোনাল্দো বলেন, ‘আমি আমাদের প্রেসিডেন্ট এবং কোচের সঙ্গে কথা বলেছি। আমি এখনও বিশ্বাস করি, জাতীয় দলকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করতে পারি।’
জাতীয় দলের হয়ে শুধু গোল করা নয়, মাঠের বাইরেও নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণ ফুটবলারদের সাহায্য করতে চান রোনাল্দো। তাঁর কথায়, ‘নতুন একটি প্রজন্ম আসছে। কিন্তু আমার কাছে মূল বিষয় হলো মাঠে থাকতে পারা, গোল করা এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করা।’
দল না চাইলে নিজেই চলে যাব: ক্রিস্তিয়ানো রোনাল্দো
পর্তুগালের জাতীয় দল যদি কোনও দিন তাঁকে না চায়, সে দিন নিজেই সরে দাঁড়াবেন বলে স্পষ্ট করলেন রোনাল্দো। পর্তুগিজ এই তারকার কথায়, ‘যে দিন ওরা বলবে জাতীয় দলে আমাকে চায় না, আমিই প্রথম চলে যাব। যে দিন মনে হবে আমি দলকে আর কিছু দিতে পারছি না, সে দিনই নিজের ব্যাগ গুছিয়ে চলে যাব। পর্তুগালের মানুষ এখনও আমার উপরে ভরসা করে। যে দিন তারা করবে না, কোনও সমস্যা নেই, আমি চলে যাব। আমি সবসময় এই ফেডারেশনের বড় সমর্থক হিসেবে থাকব।’
রোনাল্দোর পাখির চোখ এখন এখন ১০০০ গোল। এখনও পর্যন্ত ১৩৩৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৭৯। আর সেই মাইলফলক পর্তুগালের জার্সিতে ছুঁতে পারলে সেটা স্পেশ্যাল হবে বলে জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।


