Advertisement

‘ভারত আর গোল করলে...’, ৬-১ জিতেও কোন অস্বস্তির কথা শোনালেন ফোরলান?

এই সময়

প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬

দিয়েগো ফোরলান।,ছবি: Indian Football
দিয়েগো ফোরলান।,ছবি: Indian Football

ভারতের বিরুদ্ধে উরুগুয়ের ৬-১ জয়। স্কোরলাইন দেখলেই মনে হতে পারে, ম্যাচে কোনও সময়ই সমস্যায় পড়তে হয়নি দিয়েগো ফোরলানের (Diego Forlan) দলকে। কিন্তু বাস্তব ছবিটা একটু অন্য রকম। শুরুতে ভারতের প্রেসিং এবং দ্রুত আক্রমণে অস্বস্তিতে পড়েছিল উরুগুয়ে। ১-১ হওয়ার পরও ম্যাচটা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে ছিল না। বিরতির পর অবশ্য ছবিটা বদলে যায়। একের পর এক গোল করে বড় জয় নিশ্চিত করে উরুগুয়ে। তাই ৬-১ জয়ের ব্যবধানের আড়ালে শুরুর সেই অস্বস্তিটাই বেশি গুরুত্ব পেল ফোরলানের কথায়। সাংবাদিক সম্মেলনে এসে সে কথা বলতে কোনও দ্বিধা করলেন না উরুগুয়ের কোচ।

ভারতের প্রেসিংয়ে শুরুতে অস্বস্তি

র‍্যাঙ্কিংয়ে ১১৮ ধাপ এগিয়ে থাকা উরুগুয়ের বিরুদ্ধে ভারতের শুরুটা যে তাঁদের প্রত্যাশার তুলনায় কঠিন ছিল, তা লুকোননি ফোরলান। ভারত আক্রমণে উঠে বারবার চাপ তৈরি করছিল। বল ফিরে পাওয়ার পর দ্রুত কাউন্টার অ্যাটাকেও উঠছিল। উরুগুয়ের সমস্যা হচ্ছিল সেই পরিস্থিতি থেকে দ্রুত নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে। ফোরলান বলেন, ‘আমরা জানতাম, ভারত আমাদের প্রেস করবে। ওদের দলে ভালো খেলোয়াড় আছে। আমাদের ট্রানজিশন শুরুতে একটু ধীর ছিল। আমরা সেটা ঠিক করার চেষ্টা করেছি। ভারত সেই জায়গাটার সুযোগও নিয়েছিল।’

ভারতের বিরুদ্ধে ম্যাচের পর দিয়েগো ফোরলানের ছবি।

১-১ হওয়ার পর ভারতের খেলা নিয়ে আরও সতর্ক হয়ে গিয়েছিল উরুগুয়ে। ফোরলানের বক্তব্যে পরিষ্কার, সেই সময় আরও একটি গোল হজম করলে ম্যাচের চেহারা বদলে যেতে পারত। ভারত বল পেলেই যে ভাবে দ্রুত সামনে উঠে আসছিল, সেটাও নজরে ছিল তাঁর। উরুগুয়ের কোচ বলেন, ‘ভারতের ট্রানজিশন খুব ভালো। ওরা বল পেয়ে গেলে আমাদের চাপে ফেলে দিতে পারে। ওরা আরও গোল করলে আমাদের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে যেতে পারত।’

বিরতির পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উরুগুয়ে

প্রথমার্ধের সেই অস্বস্তি কাটিয়ে দ্বিতীয়ার্ধে নিজেদের খেলায় অনেক বেশি স্বচ্ছন্দ দেখায় উরুগুয়ে। আক্রমণে গতি বাড়ে, ভারতের রক্ষণে চাপ তৈরি হতে থাকে। শেষ পর্যন্ত বিরতির পর একাধিক গোল করে ম্যাচটা নিজেদের দখলে নিয়ে নেয় ফোরলানের দল। বড় ব্যবধানে জয় নিশ্চিত হলেও কোচের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল কঠিন পরিস্থিতি থেকে দল কী ভাবে বেরিয়ে এল। ফোরলান বলেন, ‘বিরতির পর আমরা কয়েকটা ভালো গোল করেছি। জেতাটা সব সময়ই ভালো। তাই এই জয় নিয়ে আমরা খুব খুশি।’

ভারতের বিরুদ্ধে ম্যাচের পর দিয়েগো ফোরলানের ছবি।

উরুগুয়ের কোচ হিসেবে এটি ফোরলানের দ্বিতীয় জয়। তাঁর কোচিং পর্ব শুরু হয়েছিল জাপানের কাছে হার দিয়ে। এর পর দক্ষিণ কোরিয়াকে হারায় উরুগুয়ে। ভারতের বিরুদ্ধে বড় জয় এল তৃতীয় ম্যাচে। তাই পরপর তিনটি ম্যাচের অভিজ্ঞতা থেকে নিজের দলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী ফোরলান। বলেও দেন, ‘আমি সত্যিই খুব খুশি। জাপানে আমাদের প্রথম ম্যাচ ছিল। সেখানে অনুশীলনেরও সুযোগ পেয়েছিলাম। শেষ ৬০ মিনিটে আমরা দু’টো গোল করেছি। আমাদের জন্য ম্যাচটা কঠিন ছিল। আজও শুরুটা আমাদের জন্য কঠিন ছিল। নতুন সময়, নতুন খেলোয়াড়— সব মিলিয়ে কিছুটা কঠিন পরিস্থিতি ছিল। তবে ওদের সঙ্গে ম্যানেজার হিসেবে থাকতে পেরে আমি খুশি।’

Lading . . .