Advertisement

৫৪ দিন পর জয়ের স্বাদ, ০-২ পিছিয়ে পড়েও রোমাকে হারাল ম্যান ইউ, স্বস্তি ক্যারিকের

এই সময়

প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬

৩-২ রোমাকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।,ছবি: সংগৃহীত
৩-২ রোমাকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।,ছবি: সংগৃহীত

দু’ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুরন্ত প্রত্যাবর্তন। ওল্ড ট্রাফোর্ডে রোমার (Roma) বিরুদ্ধে ৩-২ গোলে জিতে স্বস্তি ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) শিবিরে। টানা ১০ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের মুখ দেখল তারা। আর এই জয় নিঃসন্দেহে অনেকটা স্বস্তি দিল কোচ মাইকেল ক্যারিককে (Michael Carrick)। দলের খারাপ পারফরম্যান্সের কারণে তাঁর কোচের পদ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল।

ম্যাচের প্রথম ১৭ মিনিটেই মাতিয়াস সৌলে ও ডোনিয়েল মালেনের গোলে ২-০ এগিয়ে যায় রোমা। বিরতিতে মাঠ ছাড়ার সময় সমর্থকদের বিদ্রুপও শুনতে হয় ইউনাইটেডের ফুটবলারদের। মনে হচ্ছিল, আরও একটি হতাশার রাত অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটাই বদলে দিলেন ব্রুনো ফার্নান্দেস (Bruno Fernandes) ও মাথেউস কুনহা (Matheus Cunha)।

ফার্নান্দেসের পেনাল্টিতে ঘুরে দাঁড়ানোর শুরু

প্রথমার্ধে হতাশা কাটিয়ে দ্বিতীায়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। পেনাল্টিটি প্রথমে নতুন করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি। এর পর ম্যাচে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। ম্যাচ শেষে ক্যারিকের পাশে দাঁড়ান ফার্নান্দেস। দলের খারাপ সময় এবং কোচকে ঘিরে নানা প্রশ্ন উঠলেও তাঁর উপর আস্থা যে কমেনি, তা স্পষ্ট করে দেন ইউনাইটেড অধিনায়ক।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-রোমা ম্যাচে গোলের পর মাথেউস কুনহার সেলিব্রেশনের ছবি।

ফার্নান্দেস বলেন, ‘দলের যাবতীয় সিদ্ধান্ত কোচই নেন। সেই সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। কিন্তু কোচ, তাঁর সহকারী এবং এই দলের প্রত্যেক ফুটবলারের উপর আমার যে বিশ্বাস রয়েছে, তাতে কোনও বদল আসেনি।’

এই জয়কে ঘুরে দাঁড়ানোর শুরু হিসেবে দেখতে চান তিনি। ফার্নান্দেসের কথায়, ‘এই মুহূর্তে আমরা প্রত্যেকেই পরিস্থিতি নিয়ে হতাশ। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই সবাই। আশা করি, আজকের এই জয় আমাদের ভালো সময়ের শুরু হয়ে থাকবে।’

গ্লেজ়ারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সমর্থকরা

শুধু ফুটবলারদের নয়, ইউনাইটেড সমর্থকদের মধ্যেও ক্ষোভ জমেছে। ক্লাবের আমেরিকান মালিক গ্লেজ়ার পরিবারের বিরুদ্ধে ফের প্রতিবাদে সরব হন তাঁরা। ম্যাচের প্রথমার্ধে মাঠে টেনিস বল ছুড়ে প্রতিবাদ জানান সমর্থকদের একাংশ। ২০০৫ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা নেয় গ্লেজ়ার পরিবার। তার পর থেকেই মালিকদের বিরুদ্ধে একাধিক বার প্রতিবাদে নেমেছেন সমর্থকরা। দলের খারাপ পারফরম্যান্স এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তাঁদের মধ্যে অসন্তোষ বাড়ছে। রোমার বিরুদ্ধে ম্যাচেও সেই ক্ষোভেরই প্রতিফলন দেখা যায়।

কুনহার জোড়া গোলে জয়, লাল কার্ডও দেখলেন ব্রাজ়িলীয়

ফার্নান্দেসের পেনাল্টির পর ম্যাচে সমতা ফেরানোর জন্য ঝাঁপায় ইউনাইটেড। মাথেউস কুনহা পেনাল্টি আদায় করে দলের প্রত্যাবর্তনের রাস্তা খুলে দিয়েছিলেন। এর পর ব্রায়ান এমবেউমোর একটি শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত লিওনার্দো বালের্দির ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান কুনহা।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-রোমা ম্যাচে গোলের পর মাথেউস কুনহার সেলিব্রেশনের ছবি।

এর পর শিয়া লেসির পাস থেকে দুরন্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজ়িলীয় ফুটবলার। তাঁর গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড। উচ্ছ্বাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড। তবে ম্যাচের শেষটা ভালো হয়নি কুনহার। সংযুক্ত সময়ে বালের্দিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।

শেষ কয়েক মিনিট ১০ জনে খেলেও জয় ধরে রাখে ইউনাইটেড। ৫৪ দিন পর জয়ের স্বাদ পেল দল। বিরতির সময় যে ক্যারিককে ঘিরে সমর্থকদের বিদ্রুপ শোনা গিয়েছিল, ম্যাচ শেষে সেই কোচকেই হাততালি দিয়ে বিদায় জানান তাঁরা। তবে সামনে এখন কঠিন পরীক্ষা। ৮ নভেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে খেলবে ইউনাইটেড। তার পর ২২ নভেম্বর লিভারপুলের মাঠে ম্যাচ। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং সিপির বিরুদ্ধে খেলতে পর্তুগাল যাবে তারা। রোমার বিরুদ্ধে এই প্রত্যাবর্তন সত্যিই ঘুরে দাঁড়ানোর শুরু কি না, সেই উত্তর মিলবে আগামী ম্যাচগুলিতেই।

Lading . . .