প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬

এই সময়: শহর যখন মজে ব্রাজ়িল আর উরুগুয়ে টিমকে নিয়ে, তখন আইএফএ শিল্ড সেমিফাইনাল নিয়ে জোর প্রস্তুতি মোহনবাগান, ইস্টবেঙ্গলের। কাল রবিবার প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। কিশোরভারতীতে দুই সেমিফাইনালের টিকিট বিক্রিও শুরু করে দিয়েছে আইএফএ। ফাইনালে দুই প্রধান মুখোমুখি হলে যুবভারতীতে তা হতে পারে ৮ অক্টোবর। ডার্বি না হলে ফাইনাল হতে পারে ৭ অক্টোবর কিশোরভারতীতে।
গ্রুপ লিগের ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে জিততে পারেনি মোহনবাগান। ওই ম্যাচে চোট পেয়েছিলেন টিমের একনম্বর স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তার কুচকির চোট অবশ্য তেমন গুরুতর নয়। টিমের সঙ্গে তিনি নেমে পড়ে রিহ্যাব সারছেন। তবে সেমিফাইনালে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। তবে টিম ফাইনালে উঠলে তিনি খেলবেন।
মোহনবাগানের কোচ পানোসের কাছে সেমিফাইনাল ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ প্রতিপক্ষ পাঞ্জাবেই তিনি আগের মরশুমের কোচ ছিলেন। পাঞ্জাব একঝাঁক নতুন বিদেশি, নতুন কোচ ও একদম আনকোরা কিছু নতুন স্বদেশি ফুটবলার নিয়ে টিম গড়েছে। টিমের সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী আবার মোহনবাগানের প্রাক্তন কোচ। পাঞ্জাবের বর্তমান বিদেশি কোচ শঙ্করকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন।
অন্য দিকে, ইস্টবেঙ্গল বেশ চাপে। গ্রুপ লিগের শেষ ম্যাচে তারা হেরেছিল পাঞ্জাব এফসির কাছে। কোচ আন্তনিও আবাস শিল্ডকে তেমন গুরুত্ব দিতে না চাইলেও টিম ম্যানেজমেন্ট সমর্থকদের চাপে চাইছে সেরা টিমকেই সেমিফাইনাল, ফাইনালে নামাতে। আবাসের নজর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–এর ম্যাচে। সঙ্গে রয়েছে চোটমুক্তভাবে আইএসএল শুরু করা। তাই শিল্ডের টিম গঠন নিয়ে কোচ ও টিম ম্যানেজমেন্টের মধ্য শুরু হয়েছে টানাপড়েন।
আরও পড়ুন


