‘পেনাল্টিটা দিল না’, রেফারির সঙ্গে ঝামেলা হাবাসের, চাপ বাড়িয়ে ১০ সপ্তাহ মাঠের বাইরে এডমুন্ড
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬
জয়ের খোঁজে ঘরের মাঠে নেমেও স্বস্তি পেল না ইস্টবেঙ্গল (East Bengal)। চেন্নাইয়িন এফসি-র কাছে হারের পর এসসি দিল্লির (SC Delhi) বিরুদ্ধেও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হলো আন্তোনিও লোপেজ় হাবাসের (Antonio Lopez Habas) দলকে। যুবভারতীতে ম্যাচ শেষ হলো ২-২ গোলে। তবে ড্রয়ের থেকেও বড় ধাক্কা অপেক্ষা করছিল লাল-হলুদের জন্য। কব্জির চোটের কারণে অন্তত ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এডমুন্ড লালরিনডিকা। অন্য দিকে, ম্যাচের পর রেফারিং নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন হাবাস।
রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হাবাস
ম্যাচ শেষের বাঁশি বাজার পরেই মেজাজ হারান ইস্টবেঙ্গল কোচ। মাঠের মধ্যেই বোতল ছুড়ে মারেন তিনি। এর পর রেফারিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হাবাসকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান দলের ম্যানেজার। সাংবাদিক সম্মেলনেও রেফারিং নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি স্প্যানিশ কোচ। তাঁর মতে, একটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে ইস্টবেঙ্গল।
হাবাসের দাবি, ‘আমাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল। দানি রামিরেজ়কে ফাউল করা হয়েছিল। অথচ বিপক্ষের কোনও ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হলো না। আমরা পুরো ম্যাচে লড়াই করেছি। কিন্তু রেফারির সিদ্ধান্তে ম্যাচের হিসেবটাই বদলে গেল। রেফারি যেন মাঠে কী ঘটছে, সেটাই দেখছেন না। এমন সিদ্ধান্ত সত্যিই হাস্যকর।’
ফেব্রুয়ারির আগে ফিরতে পারবেন না এডমুন্ড
দিল্লির বিরুদ্ধে ম্যাচে দু'বার পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। এডমুন্ড ও একে লোবার গোলে সমতা ফেরায় লাল-হলুদ। কিন্তু সেই ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এডমুন্ডকে। তাঁর চোটের গুরুত্ব কতটা, তা ম্যাচের পর জানিয়ে দেন হাবাস। অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে। ফলে ফেব্রুয়ারির আগে তাঁর ফেরার সম্ভাবনা কার্যত নেই। যা ইস্টবেঙ্গলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।
ডার্বির আগেই বাড়ল দুশ্চিন্তা
এডমুন্ডের অনুপস্থিতি ইস্টবেঙ্গলের কাছে বড় সমস্যা হয়ে উঠতে পারে। কারণ, তাঁর মাঠের বাইরে থাকার সময়ে ISL-এর প্রথম লেগের ডার্বি-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তার উপর চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আনোয়ার আলি। ফলে একের পর এক চোটের ধাক্কায় দল সাজাতে সমস্যায় পড়তে পারেন হাবাস। চেন্নাইয়িনের কাছে পাঁচ গোল হজম এবং দিল্লির বিরুদ্ধে দুই গোল খাওয়ার পর রক্ষণ সামলানোও এখন তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।


