ভারতীয় ফুটবলারকে বর্ণবিদ্বেষী ইঙ্গিতের অভিযোগ, বিতর্কে জড়ালেন প্যালেস্তাইনের প্লেয়ার
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬

অনূর্ধ্ব-১৭ AFC এশিয়ান কাপের মূল পর্বে খেলার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার বাছাই পর্বের ম্যাচে প্যালেস্তাইনকে ৪-১ গোলে হারাল ভারত। গ্রুপ E-তে এই নিয়ে টানা তৃতীয় জয় পেল ভারতীয় দল। তবে মাঠের লড়াইয়ের চেয়েও শিরোনামে উঠে এসেছে ম্যাচের অন্য একটি ঘটনা। ভারতীয় ফুটবলারকে লক্ষ্য করে বিদ্বেষমূলক এবং আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগ উঠল প্যালেস্তাইনের এক প্লেয়ারের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই উঠেছে নিন্দার ঝড়। জোর চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ঠিক কী ঘটেছিল?
ভারতীয় অধিনায়ককে লক্ষ্য করে অঙ্গভঙ্গি, বর্ণবিদ্বেষের অভিযোগ
ম্যাচের মধ্যে ভারতীয় অধিনায়ক দাল্লালমুয়োন গাংতেকে ও প্যালেস্তাইনের ১৯ নম্বর জার্সিধারী ফুটবলারের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, ভারতীয় অধিনায়কের উদ্দেশে এমন একটি অঙ্গভঙ্গি করেন প্যালেস্তাইনের ওই ফুটবলার, যার মাধ্যমে তাঁকে দুর্গন্ধযুক্ত বলে ইঙ্গিত করা হয়। এই আচরণকে কেন্দ্র করে বর্ণবিদ্বেষের অভিযোগ ওঠে। কারণ, এই অঙ্গভঙ্গির সঙ্গে ভারতীয় ও দক্ষিণ এশিয়ার অধিবাসীদের ‘টার্গেট’ করে একটি অপমানজনক ধারণার মিল রয়েছে। তবে এই নিয়ে ম্যাচ রেফারি কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেননি। এর মধ্যেই প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের শুরুতে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় খেলা।
প্রথমার্ধে বিতর্কিত লাল কার্ড
দুই দলই প্রথম দু’টি ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। অষ্টম মিনিটে কামগৌহাও ডোঙ্গেল গোল করে এগিয়ে দেন দলকে। এর ঠিক দু’মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যালেস্তাইনের জামহুর। ভারতীয় ফুটবলার রাজ ওয়াহেংবামের পায়ে লাথি মারার পর তাঁর হাতের উপর পা রাখেন তিনি। ফলে বাকি ম্যাচ ১০ জনে খেলতে হয় প্যালেস্তাইনকে। তবে একজন কম নিয়েও লড়াইয়ে ফেরে তারা। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্যালেস্তাইনকে সমতায় ফেরান ইয়াজান খলিফা।
Seriously?????? 😡😡😡 Palestine's No. 19 allegedly makes a racist gesture towards India U17 captain Gangte, yet the referee chooses to look the other way. The AFC cannot let this slide. An immediate investigation and strict action are needed!!!! https://t.co/9OgGqss2qc
দ্বিতীয়ার্ধে তিন গোল ভারতের
খেলা শুরু হওয়ার পরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ভারত। ৫২ মিনিটে দুরন্ত শটে গোল করে ভারতকে লিড এনে দেন মুকুন্দ সিং। আট মিনিট পরে তাঁর বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান বাড়ান গাংতে। ৮৯ মিনিটে মুকুন্দের কর্নার থেকে হেডে গোল করেন জোরামদিনথারা। ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ভারতের।
এই জয়ের ফলে ২০২৭ সালে হতে চলা অনূর্ধ্ব-১৭ AFC এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথও আরও সহজ হলো ভারতের। গ্রুপের অন্য ম্যাচে মালয়েশিয়া যদি গুয়ামকে হারাতে না পারে, তা হলে ভারতের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যাবে।


