দুপুরে ঢাকায় পৌঁছয় ভারত, বিকেলেও মেলেনি হোটেল, SAFF-এর শুরুতেই বিপত্তি
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬

ভারতীয় ফুটবল দলের পাখির চোখ এখন SAFF চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখা। সেই লক্ষ্যে বাংলাদেশে পা রেখেই বিপাকে পড়ল টিম ইন্ডিয়া। ৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছে গিয়েছে দল। কিন্তু চরম অব্যবস্থার শিকার হলেন ফুটবলাররা। পাওয়া গেল না হোটেল। নির্দিষ্ট হোটেলে গিয়ে প্লেয়াররা জানতে পারেন তাঁদের জন্য কোনও ঘরের ব্যবস্থা করা হয়নি। অথচ ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ম্যাচে নামার কথা ভারতের। আর কী জানা গিয়েছে?
বাংলাদেশে হোটেল পেলেন না ভারতীয় ফুটবলাররা
এক ইংরেজি দৈনিকের রিপোর্টে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছয় ভারতীয় ফুটবল দল। এর পরে তাদের গুলশান অ্যাভিনিউয়ের একটি বেসরকারি হোটেলের ঠিকানা দেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর পর তাঁরা জানতে পারেন, ফুটবলারদের জন্য কোনও ঘর বরাদ্দ করা হয়নি। ভারতীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় থাকার জায়গা পাননি দলের সদস্যরা।
যদিও সূত্রের খবর, সমস্যা মেটানোর জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। ওই ব্যক্তির কথায়, ‘অন্য ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’ প্লেয়াররা শেষ পর্যন্ত হোটেল পেয়েছেন কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ
গতবারের SAFF চ্যাম্পিয়নশিপে কুয়েতকে হারিয়ে খেতাব জিতেছিল ভারত। এ বার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে দল। গ্রুপ B-তে রয়েছে ভারত। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ভারতীয় সময় বিকেল ৩টে থেকে শুরু হবে ম্যাচ। অন্য দিকে, গ্রুপ A-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের প্রথম দু’টি দল উঠবে সেমি ফাইনালে। ১৭ নভেম্বর হবে ফাইনাল।
মূলত অনূর্ধ্ব-২৩ দল নিয়ে SAFF-এ ভারত
নভেম্বরে অন্তত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। মূল দলটি নিউ জ়িল্যান্ড সফরে গিয়ে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। তাই SAFF চ্যাম্পিয়নশিপের জন্য দ্বিতীয় সারির দল বেছে নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ফিফার আন্তর্জাতিক উইন্ডোর বাইরে পড়ায় একাধিক ক্লাব গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়তে রাজি হয়নি। SAFF চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নৌশাদ মুসা।


