Advertisement

‘ব্যক্তিগত ভুলেই...’, মোহনবাগানের কোন ফুটবলারদের নিয়ে অখুশি পানোস? ডার্বির আগে করলেন সতর্ক

এই সময়

প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬

জিতেও খুশি নন পানোস।,ছবি: ISL YouTube channel থেকে স্ক্রিনশট
জিতেও খুশি নন পানোস।,ছবি: ISL YouTube channel থেকে স্ক্রিনশট

চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে এই মরশুমের ISL-এ টানা পঞ্চম জয় তুলে নিয়েছে মোহনবাগান । কিন্তু টানা পাঁচ ম্যাচে জয়ের পরেও পুরোপুরি নিশ্চিন্ত নন পানাগিয়োটিস দিমপেরিস (Panagiotis Dimperis)। বরং ডার্বির আগে দলের কয়েকটি দুর্বলতা ভাবাচ্ছে তাঁকে। বিশেষ করে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারা, ফুটবলারদের ব্যক্তিগত ভুল এবং রক্ষণে অসতর্কতা।

চার্চিলের বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকেও যে ভাবে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিল দল, তাতে অখুশি মোহনবাগান কোচ। তাঁর মতে, এই ধরনের ভুল বড় ম্যাচে বিপদ ডেকে আনতে পারে। তাই ডার্বির আগে দলের খেলার এই খামতিগুলি শুধরে নেওয়াই এখন পানোসের প্রধান লক্ষ্য। এমন কী, আলবের্তোকে না খেলানোর সিদ্ধান্তের পিছনেও ছিল ডার্বির কথা মাথায় রেখে সতর্কতা।

পাঁচ জয়ের পরেও স্বস্তি নেই, ব্যক্তিগত ভুলে উদ্বিগ্ন পানোস

টানা পাঁচটি ম্যাচ জিতেছে মোহনবাগান। দলের এই সাফল্যকে অবশ্যই ইতিবাচক বলে মনে করছেন পানোস। কিন্তু জয়ের আড়ালে যে সমস্যাগুলি রয়ে যাচ্ছে, সেগুলি উপেক্ষা করতে নারাজ তিনি। চার্চিলের বিরুদ্ধে ম্যাচের প্রসঙ্গ টেনে পানোস বলেন, ‘পাঁচটি ম্যাচ জেতার পরও আমাদের দলের বেশ কিছু ভালো দিক রয়েছে। সেগুলি স্বীকার করতে হবে, ভুলে গেলে চলবে না। কিন্তু ম্যাচের কিছু সময়ে আমাদের খেলার মান হঠাৎ নেমে যাচ্ছে। প্রতিপক্ষকে সুযোগ তৈরি করতে দিচ্ছি, এমন কী গোল করার সুযোগও করে দিচ্ছি। এর পিছনে মূলত কয়েক জন ফুটবলারের ব্যক্তিগত ভুল দায়ী।’

মোহনবাগান কোচ পানোসের ছবি।

কেন বারবার এমন হচ্ছে, সেটাই এখন খুঁজে বের করতে চাইছেন পানোস। তাঁর দাবি, ‘চার্চিলের বিরুদ্ধে ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ রেখেছিলাম। প্রতিপক্ষ কোনও বিপজ্জনক পরিস্থিতিই তৈরি করতে পারেনি। কিন্তু তার পর হঠাৎ ওরা সুযোগ তৈরি করতে শুরু করে, আমাদের উপর চাপ বাড়ায়। বুঝতে পারছি না, এটা কি চাপের কারণে হচ্ছে? আমরা চ্যাম্পিয়ন হতে চাই, ক্লাবেরও একটা বড় পরিচিতি রয়েছে। বাইরে থেকে প্রচুর প্রত্যাশা ও চাপ রয়েছে। সেই চাপ থেকেই হয়তো ফুটবলারদের মধ্যে ভয় কাজ করছে। তাঁদের মনে হচ্ছে, প্রতিপক্ষ গোল করে ফেলতে পারে, ম্যাচের শেষ দিকে সমতা ফিরিয়ে আনতে পারে।’

তবে মানসিক চাপের কথা বললেও সমস্যার মূল হিসেবে ব্যক্তিগত ভুলকেই চিহ্নিত করছেন মোহনবাগান কোচ। কোনও ফুটবলারের নাম না করেই তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমি কোনও নির্দিষ্ট ফুটবলারের কথা বলতে চাই না। কিন্তু ম্যাচের এই সময়গুলিতে আমরা যে নিয়ন্ত্রণ হারাচ্ছি, তার পিছনে রয়েছে খুব সাধারণ কিছু ব্যক্তিগত ভুল। খেলার এই জায়গাটায় আমাদের আরও উন্নতি করতে হবে।’

ডার্বির আগে আলবার্তোকে নিয়ে ঝুঁকি নিতে চাননি

চার্চিলের বিরুদ্ধে আলবার্তোকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েও ব্যাখ্যা দিয়েছেন পানোস। ডার্বির আগে গুরুত্বপূর্ণ এই ফুটবলারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি তিনি। আলবার্তোর তিনটি হলুদ কার্ড থাকায় তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পানোস বলেন, ‘আলবার্তোর তিনটি হলুদ কার্ড রয়েছে। ডার্বির আগে আমরা ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইনি। এটাই ওকে না খেলানোর কারণ।’

চার্চিলের বিরুদ্ধে মাঝমাঠের লড়াইয়েও যে কিছুটা সমস্যা হয়েছিল, তা স্বীকার করেছেন পানোস। তাঁর বিশ্লেষণ, সেবাস্তিয়ান গুতিয়েরেস মাঠে নামার পর প্রতিপক্ষের খেলার ভারসাম্য বদলে যায়। ফার্নান্ডেজ় ও সালুর সঙ্গে মাঝমাঠে তিন জন ভালো মানের ফুটবলার থাকায় বলের দখল নিতে শুরু করে চার্চিল। অন্য দিকে, দ্রাজ়িচের রক্ষণাত্মক দায়িত্ব পালন এবং বলের দখল ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। ফলে মাঝমাঠের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে প্রতিপক্ষ।

মোহনবাগান কোচ পানোসের ছবি।

পানোস বলেন, ‘আমার হয়তো ৪৫ মিনিটেই পরিবর্তন করা উচিত ছিল। কিন্তু আমি কয়েক জন ফুটবলারকে আরও বেশি সময় দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম, ওরা নিজেদের ভুল বুঝতে পেরে খেলার ধরন বদলাতে পারবে। কিন্তু সেটা হয়নি।’

দুই গোলে এগিয়েও রক্ষণে ফাঁক, ডার্বির আগে শুধরে নিতে হবে ভুল

পরে মনবীর সিং এবং অনিরুদ্ধ থাপাকে মাঠে নামান। তাঁদের নামানোর পর মোহনবাগানের খেলায় উন্নতি হয়, আসে দ্বিতীয় গোলও। তবু দলের রক্ষণ নিয়ে সন্তুষ্ট নন কোচ। বিশেষ করে দুই গোলে এগিয়ে থাকার পরেও ডান দিকের রক্ষণে যে ফাঁক তৈরি হয়েছিল, তা ভাবাচ্ছে তাঁকে। অভিষেক টেকচামকে একা দু'জন প্রতিপক্ষ ফুটবলারের বিরুদ্ধে রক্ষণ সামলাতে হচ্ছিল বলে দাবি পানোসের। তাঁর মতে, এই ধরনের পরিস্থিতি যে কোনও সময় বিপদ ডেকে আনতে পারে।

বাগান কোচ বলেওছেন, ‘আমরা যখন ২-০ গোলে এগিয়ে, তখনও অভিষেককে একা দু'জনের বিরুদ্ধে রক্ষণ সামলাতে হচ্ছিল। এই পরিস্থিতিতে ফুটবলারদের আরও সতর্ক হতে হবে। মাঠে নিজেদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন থাকতে হবে।’

অর্থাৎ, চার্চিলের বিরুদ্ধে জয় এবং টানা পাঁচ ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার আনন্দের মধ্যেও ডার্বির প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না পানোস। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা, রক্ষণে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং ব্যক্তিগত ভুল কমানো— এই তিনটি জায়গাতেই উন্নতি চাইছেন তিনি। কারণ ডার্বির মতো ম্যাচে সামান্য অসতর্কতার খেসারতও দিতে হতে পারে।

Lading . . .