ঢাবিকে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয় | দৈনিক সংগ্রাম
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬

গাজীপুর অফিসঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনালে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে থাকা দলটি এবার শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনাল নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল। প্রথম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ২-০ এবং তৃতীয় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একই ব্যবধানে পরাজিত করে। গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি।
ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্বাগতিক দলের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা।
জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক রোকনুজ্জামান রোকন। দলের কোচ মো. তাজুল ইসলাম, ম্যানেজার মো. সুজাউদ্দৌলা (উপপরিচালক) এবং সহকারী ম্যানেজার শাহিন আহমেদ (সহকারী পরিচালক)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, ফাইনালে জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দল। আশা করি, আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারব।
উল্লেখ্য, গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারও শিরোপা ধরে রাখার প্রত্যাশা নিয়ে ফাইনালে নামছে দলটি।
আরও পড়ুন


