Advertisement

দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন

প্রথম আলো

প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো
শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২২০ কোটি টাকা। গত প্রায় সাড়ে তিন মাসের মধ্যে ঢাকার বাজারে এটিই সর্বোচ্চ লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে এর আগে সর্বশেষ গত ২ আগস্ট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৫৮ কোটি টাকা। এরপর আজ আবার ১ হাজার ২০০ কোটি টাকার ঘর ছাড়িয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৭ কোটি টাকা। সেই হিসাবে আগের দিনের চেয়ে গতকাল ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি টাকা বা প্রায় ৬১ শতাংশ। লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে বাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬০ পয়েন্ট বেড়েছে। তাতে দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে। গত দুই মাসের ব্যবধানে এটিও ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৫৭৮ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।

বাজার–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে শতাধিক জব্দ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের স্থগিতাদেশ প্রত্যাহের সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়া ট্রেজারি বিল বন্ডের সুদহার কমে যাওয়ার প্রভাবও শেয়ারবাজারে পড়েছে। তাতে সূচকের পাশাপাশি লেনদেনেও ভালো গতি দেখা যাচ্ছে।

* ডিএসইএক্স সূচকটি বেড়ে দুই মাসের ব্যবধানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। * সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ব্যাংক খাতের শেয়ারের।

শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে আজ রোববার সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতির পেছনে ব্যাংকসহ ভালো মৌলভিত্তির শেয়ারের বড় ভূমিকা ছিল। এদিন সূচকের উত্থানে যে ১০ কোম্পানির শেয়ারের সবচেয়ে বেশি অবদান ছিল তার মধ্যে ৯টিই ছিল ব্যাংক। এগুলো হলো পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া ও এনসিসি ব্যাংক। এই ৯ ব্যাংকের বাইরে সূচকের উত্থানে বড় ভূমিকা রাখা ১০ কোম্পানির মধ্যে বাকিটি ছিল রেনাটা। উল্লিখিত ১০ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ৪১ পয়েন্টের বেশি। এর মধ্যে শুধু পূবালী ব্যাংকের শেয়ারের ৪ টাকা ৩০ পয়সা মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচকটি সর্বোচ্চ ১৮ পয়েন্ট বেড়েছে।

এদিকে গত কয়েক দিনে শেয়ারবাজারে গতি সঞ্চার হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজবও মাথাচাড়া দিয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটি গত শনিবার এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে। বিএসইসির এক বার্তায় বলা হয়, বাজারে বড় ধরনের দরপতন হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের গুজবের কোনো সত্যতা নেই। বিনিয়োগকারীদের আতঙ্কিত ও বিভ্রান্ত করতে একটি গোষ্ঠী এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। যারা এ ধরনের তথ্য ছড়াচ্ছে তাদের সতর্কও করেছে বিএসইসি।

ঢাকার বাজারে আজ রোববার লেনদেন হওয়া ৩৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ২১২টিরই দাম বেড়েছে, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত ছিল ৫৬টির দাম। এদিন লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকবহিভূর্ত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি। এই বাজারে এককভাবে কোম্পানিটির প্রায় ৬০ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৫ শতাংশ।

Lading . . .