Advertisement

প্রাইভেট শেষে মোটরসাইকেলে ফিরছিল তিন বন্ধু, গাছের সঙ্গে ধাক্কায় দুজন নিহত

প্রথম আলো

প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬

দুর্ঘটনায় নিহত সায়মন ইসলাম (বাঁয়ে) ও রেদোয়ান হোসেনছবি: সংগৃহীত
দুর্ঘটনায় নিহত সায়মন ইসলাম (বাঁয়ে) ও রেদোয়ান হোসেনছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় সাকোয়া বাজার–সাহাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো বোদা উপজেলার ভোলাবসুনিয়া এলাকার আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম (১৫) ও ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (১৫)। আহত শিক্ষার্থীর নাম ফজলে রাব্বি শাহ (১৫)। সে সাহাপাড়া এলাকার আবু শাহর ছেলে। তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হতাহত সবাই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। হতাহত মাদ্রাসাছাত্রদের পরিচয় নিশ্চিত করেছেন বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামার মোটরসাইকেল নিয়ে আজ সকালে সাকোয়া এলাকায় প্রাইভেট পড়তে যায় সায়মন। প্রাইভেট শেষে বন্ধু রেদোয়ান ও ফজলে রাব্বিকে নিয়ে সে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে ফজলে রাব্বিকে সাহাপাড়ায় পৌঁছে দিতে ওই এলাকার দিকে যাচ্ছিল তিনজন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।

পরে স্থানীয় লোকজন ওই তিন কিশোরকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, হতাহত শিক্ষার্থীদের স্মরণে মাদ্রাসায় শোক পালন ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Lading . . .