প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬
পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর আন্দামান সাগর এলাকায় থাকা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ জন্য দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপটির প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
লঘুচাপটি আরও ঘনীভূত হলে এর প্রভাব সমুদ্র ও উপকূলীয় এলাকায় বাড়তে পারে। তবে সতর্কবার্তায় লঘুচাপটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হয়নি।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, এখনকার সুস্পষ্ট লঘুচাপটি শেষ পর্যন্ত গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব বেশি পড়তে পারে ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে। তবে বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টি হতে পারে।
এ অবস্থার মধ্যে আজ দেশের ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। আজ রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে গেছে। এই অবস্থার মধ্যেও সাগরে সতর্কসংকেত দেওয়ার কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ প্রথম আলোকে বলেন, লঘুচাপের পরিধি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন


