প্রভাব খাটিয়ে বন্ধুদের দলে নিচ্ছে বৈভব? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। IPL থেকে ভারতের জাতীয় ক্রিকেট দল, সব ক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছে সে। এমন আবহেই পেয়েছে বড় দায়িত্ব। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের সিনিয়র দলের ক্যাপ্টেন হয়েছে বৈভব। কিন্তু বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৭ সদস্যের দল ঘোষণার পরেই বিতর্ক বেড়েছে বৈভবকে নিয়ে। ১৫ বছর বয়সি এই ক্রিকেটার দল বাছাইয়ে প্রভাব খাটিয়ে নিজের বন্ধুদের সুযোগ দিয়েছে বলে অভিযোগ। এর ফলে বাদ পড়েছেন যোগ্যরা, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে। তারকা হয়ে ওঠায় ক্ষমতার অপব্যবহার করছে বৈভব?
বিহারের দল নির্বাচনে প্রভাব খাটাচ্ছে বৈভব?
CricBlogger-এর এক রিপোর্ট অনুযায়ী, বিহারের ওপেন নেট ট্রায়ালে অংশ নিয়েছিলেন ১১৮ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রাজ্যের বর্তমান রঞ্জি ট্রফি দলের কয়েকজন সদস্যও ছিলেন। রিপোর্টে দাবি করা হয়েছে, ট্রায়ালে ভালো পারফরম্যান্স করেও কয়েকজন ক্রিকেটার জায়গা পাননি দলে।
ওই রিপোর্টে বলা হয়েছে, ট্রায়ালের তৃতীয় দিনে সেখানে পৌঁছয় বৈভব সূর্যবংশী। নির্বাচকদের পাশে বসে থাকতে দেখা যায় তাঁকে। এমনকী, ১৫ বছর বয়সি এই ক্রিকেটার দল নির্বাচনের সময়ে মিটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এমনটাও দাবি করা হয়েছে রিপোর্টে। বিশ্বক্রিকেটে তাঁর জনপ্রিয়তা ও পরিচিতির কারণে বিহারের রাজ্য ক্রিকেট সংস্থার অন্দরে বৈভবের প্রভাব বেড়েছে বলে মনে করছেন অনেকে।
যোগ্যদের বাদ দিয়ে বন্ধুদের দলে নিয়েছে বৈভব?
CricBlogger-এর রিপোর্টে আরও দাবি করা হয়েছে, নিজের কয়েকজন বন্ধুকে দলে নেওয়ার জন্য বৈভব নাকি বলেছিলেন নির্বাচকদের। এর ফলে যোগ্য কয়েকজন ক্রিকেটার সুযোগ পাননি বলে অভিযোগ। দল গঠনে বৈভবের প্রভাবের জন্যই নাকি স্কোয়াডে অতিরিক্ত এক জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। তবে এই অভিযোগগুলি নিয়ে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন বা বৈভবের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রথম বার সিনিয়র ক্রিকেটে অধিনায়ক বৈভব
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই প্রথম পেশাদার ক্রিকেটে প্রথম বার সিনিয়র দলের অধিনায়ক হওয়ার দায়িত্ব সামলাবেন বৈভব সূর্যবংশী। যদিও এর আগে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। রঞ্জি ট্রফিতে বিহারের সহ-অধিনায়ক ছিলেন তিনি। দলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামবে বিহার।


