Advertisement

সিরিজ় জিততে ভারত-ই ভরসা? অস্ট্রেলিয়া দলে এ বার নিখিল চৌধুরী

এই সময়

প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬

নিখিল চৌধুরী,Ei Samay
নিখিল চৌধুরী,Ei Samay

অ্যাশেজ়ের লড়াই এ বার রঙিন জার্সিতে। নভেম্বর মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ়ে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ় এবং পরবর্তীতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে দুই দল। তবে এই লড়াই শুরুর আগেই দল নির্বাচনে এক সাহসী পদক্ষেপ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)। আসন্ন গ্রীষ্মের হাই-ভোল্টেজ টেস্ট মরশুমের কথা মাথায় রেখে দলের মূল তিন পেস স্তম্ভকে সাদা বলের এই সিরিজ় থেকে বাইরে রেখে মিচেল মার্শের নেতৃত্বে তরুণদের সুযোগ দিলেন নির্বাচকরা। আর এখানে রয়েছে ভারতীয় ছোঁয়া।

বিশ্রামে সিনিয়র পেসাররা

ভারতের বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ মিচেল স্টার্ক এবং জশ হ্যাজ়েলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, লাল বলের সিরিজ়ের আগে সিনিয়র বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও শারীরিক ফিটনেস ধরে রাখাই প্রধান লক্ষ্য।

বিগ ব্যাশ লিগে ম্যাচ জেতানোর পর সেলিব্রেশন নিখিল চৌধুরীর।

অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত

সিনিয়র পেসারদের অনুপস্থিতিতে সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়িয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার নিখিল চৌধুরীর অন্তর্ভুক্তি। পাঞ্জাবের জালন্ধরে জন্ম নেওয়া নিখিল বিগ ব্যাশ লিগে (BBL) হোবার্ট হারিকেনসের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। এর ফলেই তিনি অস্ট্রেলিয়ার সিনিয়র দলে জায়গা করে নিলেন। জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নিখিল, যেখানে তাঁর ঝুলিতে রয়েছে ২৬ রান ও ২টি উইকেট। বাটলারদের ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে নিজের জাত চিনিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্থায়ী জায়গা পাকা করার এক সুবর্ণ সুযোগ এসে গেল এই ভারতীয় বংশোদ্ভূত তারকার সামনে।

শুধু নিখিলই নন, টি-টোয়েন্টি স্কোয়াডে একঝাঁক নতুন মুখের ওপর ভরসা রেখেছে অজ়ি ম্যানেজমেন্ট। ঘরোয়া সার্কিটে দাপট দেখানো লিয়াম স্কট, জ্যাক এডওয়ার্ডস, জোয়েল ডেভিস, লাচলান শ এবং অভিজ্ঞ কিপার-ব্যাটার স্যাম হারপারকে সুযোগ দেওয়া হয়েছে। সাদা বলের সংক্ষিপ্ত ফরম্যাটে ডেথ ওভারে ভরসা জোগাতে স্কোয়াডে রাখা হয়েছে পেসার নাথান এলিসকে।

বিগ ব্যাশ লিগে ম্যাচ জেতানোর পর সেলিব্রেশন নিখিল চৌধুরীর।

অনূর্ধ্ব ১৯ স্তরে খেলা প্লেয়ারদের সুযোগ

অন্য দিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ের জন্য অনভিজ্ঞ ও নতুন পেসারদের দিয়ে আক্রমণ সাজিয়েছে অস্ট্রেলিয়া। তরুণদের আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতা দিতে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের সফল তারকাদের সিনিয়র দলে সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে যুব বিশ্বকাপে গতির ঝড় তোলা পেসার মালি বিয়ার্ডম্যান এবং ব্যাটার অলিভার পিকের অন্তর্ভুক্তি নির্বাচকদের ভবিষ্যতের শক্তিশালী দল গড়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সিনিয়রদের ছাড়া ঘরের মাঠে ইংল্যান্ডের আগ্রাসী ‘বাজ়বল’-এর মোকাবিলা করতে এই অজ়ি তরুণ ব্রিগেড কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া।

দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ODI দল

মিচেল মার্শ (অধিনায়ক), জ়েভিয়ার বার্টলেট, মাহিল বিয়ার্ডম্যান, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্পেনসার জনসন, অলি পিকে, ম্যাথু রেনশঁ, লিয়াম স্কট, অ্যাডাম জ়াম্পা

ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কয়্যাড

মিচেল মার্শ (অধিনায়ক), জ়েভিয়ার বার্টলেট, মাহিল বিয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক, স্যাম হারপার, স্পেনসার জনসন, মিচ ওয়েন, লাচলান শহ, অ্যাডাম জ়াম্পা

১৩ নভেম্বর থেকে শুরু হবে ODI সিরিজ়। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ নভেম্বর। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২১, ২৪, ২৭ ও ২৯ নভেম্বর।

Lading . . .