স্যান্ডপেপার কাণ্ডে নয়া মোড়, স্মিথদের সত্যি লুকোতে বলেছিলেন অস্ট্রেলিয়ার কোচ?
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬

২০১৮ সালের স্যান্ডপেপারগেট বিতর্কে একের পর এক নয়া মোড়। এ বার অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলিং কোচ ডেভিড সাকারের বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ। স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটকে নাকি বল বিকৃতির জন্য ব্যবহৃত হলুদ বস্তুটি যে আসলে স্যান্ডপেপার, তা স্বীকার না করার পরামর্শ দিয়েছিলেন তিনি। উসমান খোয়াজার আত্মজীবনী ‘Sabr’ প্রকাশের পরে নতুন করে সামনে এসেছে এই অভিযোগ। এমনকী স্যান্ডপেপার ব্যবহারের জন্য প্লেয়ারদের উস্কানিও দিয়েছিলেন তিনি, এমন চাঞ্চল্যকর তথ্যও প্রকাশ্যে এসেছে। আর কী জানা গেল?
কী অভিযোগ সাকারের বিরুদ্ধে?
একাধিক রিপোর্টে প্রকাশ, নিউল্যান্ডসে বল বিকৃতির ঘটনায় মাঠে নিয়ে যাওয়া বস্তুটি যে স্যান্ডপেপার, তা স্বীকার না করার জন্য স্মিথ ও ব্যানক্রফটকে বারবার বলেছিলেন সাকার। সেই ম্যাচেই বল বিকৃত করার সময়ে ধরা পড়েছিলেন ব্যানক্রফট। দিনের খেলা শেষে সাংবাদিক বৈঠকে অবশ্য তিনি দাবি করেছিলেন, পিচ থেকে খসখসে অংশ সংগ্রহ করতে টেপ ব্যবহার করেছিলেন এবং তা দিয়ে বল ঘষেছিলেন। এই ঘটনায় স্মিথকেও প্রশ্নের মুখে পড়তে হয়।
তবে এর পরেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড স্মিথ, ব্যানক্রফট এবং ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা করার পরে। তখনই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আসে। ক্রিকেটমহলের একাংশের অনুমান, খোয়াজার আত্মজীবনীতে যে কোচের কথা বলা হয়েছে, তিনি ডেভিড সাকারই। তখন অস্ট্রেলিয়ার বোলিং কোচ ছিলেন তিনি।
খোয়াজার আত্মজীবনীতে কী লেখা রয়েছে?
নিজের আত্মজীবনীতে খোয়াজা দাবি করেছেন, বল বিকৃতি কাণ্ড প্রকাশ্যে আসার আগে ২০১৮ সালের ওই টেস্টের লাঞ্চ ব্রেকে কোচ উৎসাহ দিচ্ছিলেন ব্যানক্রফটকে। খোয়াজার বর্ণনা অনুযায়ী, কোচ ব্যানক্রফটকে বলেছিলেন, ‘ব্যাঙ্গার্স, তুমি যা করছ, আরও বেশি করে সেটা করতে হবে। বাইরে স্যাঁতসেঁতে আবহাওয়া, আমাদের আরও বেশি রিভার্স সুইং দরকার।’
এর পরেই ব্যানক্রফটকে এক টুকরো স্যান্ডপেপার তুলে পকেটে রাখতে দেখেন বলে দাবি করেছেন খোয়াজা। তাঁর কথায়, কোচ তাঁর এবং ব্যানক্রফটের দিকে তাকিয়ে হেসে সেখান থেকে চলে যান।
তবে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, এই ঘটনা নিয়ে কিছু ফাঁস না করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছিলয় সাকারের। তবে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বোলিং কোচের পদ থেকে ইস্তফা দেন সাকার। তার পরে ২০২১ সালে এই নিয়ে মুখ খোলেন তিনি। তখনই জানিয়েছিলেন এই ঘটনার সঙ্গে অনেকে যুক্ত ছিলেন।


