গরমে পুড়তে হবে কেন? ICC-র সূচির তোয়াক্কা না করে জানুয়ারিতে IPL চায় KKR
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬
IPL-এর সূচি কি এ বার বদলাতে চলেছে? মার্চ থেকে মে মাসের বদলে জানুয়ারি মাসে IPL আয়োজনের প্রস্তাব দিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অন্যতম কর্ণধার জুহি চাওলা (Juhi Chawla)। তাঁর মতে, IPL এখন বিশ্বের অন্যতম বড় ক্রিকেট প্রতিযোগিতা। তাই আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে মানিয়ে চলার বদলে, IPL-এর গুরুত্ব বুঝে ক্রিকেটের সূচি নতুন করে সাজানোর সময় এসেছে।
শুধু তাই নয়, এপ্রিল-মে মাসের প্রচণ্ড গরমে ক্রিকেটারদের খেলতে হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন জুহি। তাঁর এই প্রস্তাবকে সমর্থন করেছেন IPL-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi)। তাঁর মতে, IPL আয়োজনের সময় ঠিক করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) অনুমতিরও প্রয়োজন নেই।
জানুয়ারি মাসে IPL আয়োজনের প্রস্তাব জুহির
সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়ে জুহি লেখেন, IPL এখন আর ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে নিজের জায়গা খোঁজার অবস্থায় নেই। বরং ক্রিকেটের সূচি ঠিক করার ক্ষেত্রে IPL-এরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। জুহি লিখেছেন, ‘আইপিএল এখন আর ক্রিকেটের সূচিতে নিজের জায়গা খুঁজে নেওয়ার মতো কোনও প্রতিযোগিতা নয়। বরং ক্রিকেটের সূচিকে প্রভাবিত করার অধিকার অর্জন করেছে এই প্রতিযোগিতা।’
এর পরেই প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতা কেন বছরের সবচেয়ে বেশি গরমের সময় আয়োজন করতে হবে? যদি সূচি নতুন করে ভাবার সুযোগ থাকে, তা হলে এপ্রিল-মে মাসের বদলে জানুয়ারিতে আইপিএল আয়োজন করা যায় না কেন? তাতে খেলার পরিবেশ আরও ভালো হবে, ক্রিকেটের মান বাড়বে। ক্রিকেটার থেকে সমর্থক, সকলের অভিজ্ঞতাই আরও ভালো হবে।’ জুহির সংযোজন, ‘আইপিএল অনেক বদলেছে। এ বার হয়তো প্রতিযোগিতার সূচি বদলানোরও সময় এসেছে।’
উল্লেখ্য, এত দিন সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে IPL আয়োজন করা হয়েছে। তবে ২০২০ ও ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে সূচিতে পরিবর্তন করতে হয়েছিল। এখনও পর্যন্ত IPL আয়োজনের সময় বদলানোর বিষয়ে কোনও পরিকল্পনার কথা জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
জুহির প্রস্তাবে সমর্থন ললিত মোদীর, ICC-র অনুমতি নিয়ে প্রশ্ন
জুহির প্রস্তাবকে সমর্থন করেছেন IPL-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। তাঁর মতে, IPL কবে আয়োজন করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এর জন্য ICC-র অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ায় ললিত লেখেন, ‘আইপিএল আয়োজনের জন্য আইসিসির কাছ থেকে আলাদা করে কোনও সময় চেয়ে নেওয়ার প্রয়োজন নেই। এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব প্রতিযোগিতা। বোর্ডই ঠিক করতে পারে, বছরের কোন সময়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।’
তিনি আরও লেখেন, ‘অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এবং বিভিন্ন দেশের ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে। কিন্তু কোনও নির্দিষ্ট সময়ে প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চাওয়ার সঙ্গে এই বিষয়গুলির কোনও সম্পর্ক নেই।’ ললিতের মতে, ‘আইপিএল এখন আর বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা খুঁজছে না। বরং বিশ্ব ক্রিকেটকে স্বীকার করতে হবে, আইপিএল ইতিমধ্যেই নিজের জায়গা তৈরি করে নিয়েছে।’ প্রসঙ্গত, গুরুতর অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে IPL ও ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বহিষ্কৃত হয়েছিলেন ললিত মোদী।


