Advertisement

‘ভাবিনি ব্যক্তিগত আক্রমণ করবে...’, কামিন্সকে নিয়ে বিস্ফোরক দাবি খোয়াজার

এই সময়

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬

কামিন্সকে নিয়ে চাঞ্চল্যকর দাবি খোয়াজার।,ছবি: সংগৃহীত
কামিন্সকে নিয়ে চাঞ্চল্যকর দাবি খোয়াজার।,ছবি: সংগৃহীত

অস্ট্রেলীয় ক্রিকেটে স্যান্ডপেপারগেট (Sandpapergate) বিতর্ক নিয়ে উ সমান খোয়াজার (Usman Khawaja) বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি নিজের আত্মজীবনী ‘Sabr’-এ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল ট্যাম্পারিংয়ের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সেই দাবি নিয়ে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে এসেছে।

খোয়াজার অভিযোগের জবাবে ৬৮ মিনিটের সাংবাদিক বৈঠকে পাল্টা সরব হয়েছিলেন কামিন্স। তাঁর সেই প্রতিক্রিয়া যে খোয়াজাকে রীতিমতো বিস্মিত ও আহত করেছে, তা এ বার জানালেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। তবে এই ঘটনার পরেও কামিন্সের প্রতি তাঁর ব্যক্তিগত ভালোবাসা অটুট রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কামিন্সের সাংবাদিক বৈঠকে হতাশ খোয়াজা

ক্রিকেট পডকাস্ট ‘দ্য গ্রেড ক্রিকেটার’-এ কথা বলতে গিয়ে খোয়াজা জানান, কামিন্সের কাছ থেকে এমন আচরণ তিনি একেবারেই আশা করেননি। তাঁর ধারণা ছিল, অস্ট্রেলিয়ার ক্রিকেটে এই বিতর্কের অবসান ঘটাতে সাহায্য করবেন বর্তমান টেস্ট অধিনায়ক। কিন্তু উল্টে তাঁর ব্যক্তিগত বক্তব্যকে যে ভাবে আক্রমণ করা হয়েছে, তাতে তিনি আহত হয়েছেন।

প্যাট কামিন্স এবং উসমান খোয়াজা।

খোয়াজার দাবি, ‘আমি সত্যিই অবাক হয়েছিলাম। মানুষ হিসেবে এবং নেতা হিসেবে প্যাট কামিন্সকে আমি বরাবরই খুব পছন্দ করি। ও দারুণ একজন মানুষ। কিন্তু ও যে এ ভাবে প্রকাশ্যে আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করবে, সেটা কখনও ভাবিনি। আমার বক্তব্যের বিরোধিতা করতেই থাকল, একের পর এক কথা বলে গেল। প্যাটের এই দিকটা আগে কখনও দেখিনি। সেটাই আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে।’

১৩ নভেম্বরের সেই সাংবাদিক বৈঠক দেখাও তাঁর কাছে সহজ ছিল না। স্ত্রী র‍্যাচেল পাশে বসে থাকলেও সেই সময় নিজের আবেগ সামলাতে পারছিলেন না বলে জানিয়েছেন খোয়াজা। তিনি বলেন, ‘আমি সাংবাদিক বৈঠকটা দেখতে চাইনি। কিন্তু কী বলা হচ্ছে, সেটা জানার জন্য আমাকে দেখতেই হয়েছিল। আমার স্ত্রী র‍্যাচেল পাশে বসেছিল। বারবার জানতে চাইছিল, আমি ঠিক আছি কি না। কিন্তু তখন আমার মনের মধ্যে এত রকমের অনুভূতি কাজ করছিল যে, ওকে ঠিক করে উত্তরও দিতে পারিনি।’

বিতর্ক মেটাতে চেয়েছিলেন খোয়াজা

খোয়াজা জানিয়েছেন, সাংবাদিক বৈঠকের কয়েক দিন আগেই কামিন্সকে মেসেজ করেছিলেন তিনি। চেয়েছিলেন, দু’পক্ষ আলোচনার মাধ্যমে মাঝামাঝি একটা জায়গায় পৌঁছক। তা হলেই এই বিতর্কের অবসান হতে পারত বলে তাঁর বিশ্বাস ছিল। খোয়াজার দাবি, ‘আমি আশা করেছিলাম, প্যাট বিষয়টা মেটানোর চেষ্টা করবে। আমার মনে হয়েছিল, আমরা দু’জন যদি মাঝামাঝি একটা জায়গায় আসতে পারি, তা হলে পুরো বিষয়টা এখানেই শেষ করা সম্ভব। ওকে সব কিছু মেনে নিতে হতো না। শুধু আমার কথার কিছুটা বুঝে মাঝামাঝি জায়গায় আসতে হতো।’

খোয়াজা আরও জানান, তাঁদের এক প্রাক্তন সতীর্থও কামিন্সের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। সেই সতীর্থের কাছ থেকে তিনি এমন ইঙ্গিত পেয়েছিলেন যে, সমঝোতার একটা রাস্তা বেরোতে পারে। তাই শেষ পর্যন্ত কামিন্সের সাংবাদিক বৈঠকে এমন অবস্থান নেওয়া তাঁকে আরও বেশি অবাক করেছিল।

প্যাট কামিন্স এবং উসমান খোয়াজা।

‘প্যাটকে আমি সব সময় ভালোবাসব’

তবে এই সংঘাতের জন্য ব্যক্তিগত ভাবে কামিন্সকে দায়ী করতে চান না খোয়াজা। তাঁর মতে, ২০১৮ সালের বল বিকৃতি বিতর্কের নেপথ্যে ছিল অস্ট্রেলীয় ক্রিকেটের এমন একটি সংস্কৃতি, যেখানে জেতার জন্য সব কিছু করাই যেন স্বাভাবিক হয়ে উঠেছিল। সেই দায় শুধু ক্রিকেটারদের নয়, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং দলের কোচিং স্টাফদেরও।

খোয়াজা বলেন, ‘আমার সমস্যা প্যাটের সঙ্গে ছিল না। আমি চাইতাম, ক্রিকেট অস্ট্রেলিয়ার কেউ এই বিষয়ে সামনে এসে কথা বলুক। প্যাটের বদলে ক্রিকেট অস্ট্রেলিয়ারই এই দায়িত্ব নেওয়া উচিত ছিল। এটা শুধু প্যাট কামিন্সের সমস্যা নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার জেতার জন্য সব কিছু করার মানসিকতা থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই মানসিকতা কোচদের মধ্যে ছিল, তার পর ছড়িয়ে পড়েছিল ক্রিকেটারদের মধ্যেও।’

কামিন্সের আচরণে আঘাত পেলেও তাঁর প্রতি ভালোবাসা যে কমেনি, তা স্পষ্ট করে দিয়েছেন খোয়াজা। তিনি বলেন, ‘আমি জানি, প্যাটকে সব সময় ভালোবাসব। ওর কথায় আমি খুব আঘাত পেয়েছি, সেটা সত্যি। কিন্তু একটা সাংবাদিক বৈঠকের ২০ মিনিটের বক্তব্য দিয়ে আমি ওকে বিচার করতে চাই না। ওর প্রতি আমার ভালোবাসা রয়েছে। আমি কাউকে ঘৃণা করে চলার মানুষ নই।’

Lading . . .