Advertisement

‘এ বার বাড়াবাড়ি হচ্ছে’, ভারত-পাকিস্তানের আচরণে ক্ষুব্ধ হরভজন, ICC-কে দিলেন কড়া বার্তা

এই সময়

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬

ভারত-পাকিস্তান ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন সিং।,ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন সিং।,ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে উত্তেজনা নতুন কিছু নয়। মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটি, আগ্রাসী সেলিব্রেশন কিংবা একে অপরকে লক্ষ্য করে মন্তব্যও দেখা যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনা যেন মাত্রা ছাড়াচ্ছে। ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেটারদের এমন আচরণে এ বার বিরক্ত প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)।

তাঁর মতে, মাঠের এই আচরণ তরুণ ক্রিকেটারদের কাছে একেবারেই ভালো উদাহরণ তৈরি করছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC), ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কড়া পদক্ষেপ করা উচিত বলেও দাবি করেছেন তিনি।

২০২৬ সালের রাইজিং স্টারস এশিয়া কাপে (Rising Stars Asia Cup) ভারত ‘এ’ (India A) ও পাকিস্তান ‘এ’ (Pakistan A) দলের ম্যাচে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে। এই ঘটনাগুলি নিয়েই মুখ খুলেছেন হরভজন। তাঁর মতে, ক্রিকেট মাঠে লড়াই হোক, কিন্তু খেলার মর্যাদা নষ্ট করে এমন আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

হরভজন সিং এবং রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের মুহূর্তের ছবি।

ভারত-পাকিস্তান ম্যাচে কেন উত্তেজনা?

গত ২২ নভেম্বর পাকিস্তান ‘এ’ দলের কাছে ৪৮ রানে হেরে যায় ভারত ‘এ’। তবে ম্যাচের ফলের থেকেও বেশি চর্চায় উঠে আসে দুই দলের ক্রিকেটারদের আচরণ। টসের সময় থেকেই উত্তেজনার শুরু। ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা (Tilak Varma) এবং পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আব্দুল সামাদ (Abdul Samad) একে অপরের সঙ্গে হাত মেলাননি। টসের ফল ঘোষণা নিয়েও কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল।

এর পর পাকিস্তানের ইনিংস চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভারতীয় পেসার হর্ষিত রানা (Harshit Rana) পাকিস্তানের দুই ওপেনার শামিল হুসেন (Shamyl Hussain) এবং মাজ় সাদাকাতের (Maaz Sadaqat) সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। আয়ুষ বাদোনির (Ayush Badoni) বলে শামিল হুসেনের ক্যাচ ধরার পর তাঁকে আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠ ছাড়ার ইঙ্গিত করেন হর্ষিত। রোহেল নাজ়িরকে (Rohail Nazir) আউট করার পরেও একই রকম আগ্রাসী ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ভারতের ইনিংসেও সেই উত্তেজনা বজায় ছিল। হর্ষিত রানা শূন্য রানে আউট হওয়ার পর পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিম (Sufiyan Muqeem) তাঁর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের এক ক্রিকেটারকেও এগিয়ে আসতে হয়।

হরভজন সিং এবং রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের মুহূর্তের ছবি।

ক্রিকেটারদের আচরণে লাগাম টানার দাবি হরভজনের

এই ঘটনাগুলি নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি হরভজন। তাঁর মতে, ভারত ও পাকিস্তান— দুই দলের ক্রিকেটারদেরই আচরণে সংযম থাকা প্রয়োজন। ম্যাচ জেতার জন্য মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিতে হবে। কিন্তু জয় পাওয়ার পর কিংবা ম্যাচ চলাকালীন এমন কোনও আচরণ করা উচিত নয়, যাতে ক্রিকেটের সম্মান নষ্ট হয়।

PTI-কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘আমার মনে হয়, এ বার কোথাও না কোথাও ICC এবং দুই দেশের ক্রিকেট বোর্ডকে হস্তক্ষেপ করতেই হবে। বিষয়টা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেটাররা জেতার পর যে ভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, কিংবা মাঠে যা ঘটছে, সেগুলো ঠিক নয়। খেলাকে খেলার মতো করেই দেখা উচিত।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটে উত্তেজনাপূর্ণ মুহূর্ত থাকবেই। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছনো উচিত নয়, যেখানে খেলাটাকেই লজ্জার মুখে পড়তে হয়। ICC এবং দুই দেশের বোর্ডের উচিত কড়া অবস্থান নেওয়া। ক্রিকেটারদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার, এই ধরনের আচরণ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যাচ জেতার জন্য মাঠে সবটুকু দিয়ে লড়াই করুন, কিন্তু ম্যাচের পরে এমন আচরণ করা ঠিক নয়।’

Lading . . .