কাচ ভেঙে প্রতিবেশীদের বকুনি থেকে বোলারদের ত্রাস, জানেন কোহলির ছোটবেলার গল্প?
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬

এখন তিনি বিশ্ব ক্রিকেটে পরিচিত ‘কিং’ বা ‘চেজ়মাস্টার’ নামে। বোলারদের ত্রাস তিনি। কিন্তু ভারতের আর পাঁচটা বাচ্চার মতোই বিরাট কোহলির ক্রিকেটজীবনও শুরু হয়েছিল পাড়ার ক্রিকেট থেকে। দিল্লিতে নিজের বাড়ির পাশে বন্ধুদের ও বয়সে বড় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন তিনি। শট খেলতে গিয়ে পাড়ার বাড়ির জানলার কাচ ভাঙতেন প্রায়শই। তবে বন্ধুরা পালিয়ে গেলেও ব্যাট বা উইকেট ফেলে যেতেন না বিরাট। প্রতিবেশীদের বকুনিও খেয়েছেন বহুবার। তবু খেলার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকে সেই ‘মাঠ’ ছাড়েননি ‘চিকু’। এখন বোলারদের শাসন করেন তিনি। জানেন বিরাটের ছোটবেলার সেই অজানা গল্প?
গলি ক্রিকেট থেকেই যাত্রা শুরু
পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে বাড়ির জানলার কাচ ভেঙে ফেলা, প্রতিবেশীদের বকুনি খাওয়া—সবই ছিল বিরাট কোহলির শৈশবের অংশ। যাঁরা গলি ক্রিকেট খেলেছেন, তাঁদের সবার এই অভিজ্ঞতা রয়েছে। পাড়ার যাঁদের সঙ্গে খেলতেন, তাঁদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিলেন বিরাট। কাচ ভাঙলে প্রতিবেশীদের রোষের মুখে পড়তে হতো তাঁকেই। তবে তাঁকে বলির পাঁঠা করা হতো, এমন নয়। আসল কারণ ছিল ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ।
কেন মাঠ ছেড়ে যেতেন না বিরাট?
বিরাটের সঙ্গে যারা খেলতেন, তাদের অনেকেই জানলার কাচ ভাঙার পরে পালিয়ে যেতেন। কিন্তু বিরাট সেই জায়গা থেকে যাওয়ার আগে ব্যাট ও স্টাম্প গুছিয়ে নিতেন। প্রতিবেশীদের বকুনি খাওয়ার ভয় থাকলেও খেলার সরঞ্জাম ফেলে যেতেন না তিনি। কারণ, পরের দিন বা সপ্তাহান্তে আবার ক্রিকেট খেলতে হলে ব্যাট-স্টাম্প যে প্রয়োজন।
ছোট থেকেই ক্রিকেটের প্রতি এমন ভালোবাসা দেখে বিরাটকে অ্যাকাডেমিতে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তাঁর বাবা। কোচ রাজকুমার শর্মার তত্ত্বাবধানে শুরু হয় তাঁর প্রশিক্ষণ। তার পরের ইতিহাস সকলেরই জানা।
এই নিয়ে কী বললেন কোহলি?
২০১৮ সালে ‘মেগা আইকনস’ নামে একটি তথ্যচিত্রে ছোটবেলার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন কোহলি। তিনি বলেন, ‘আমি বয়সে বড় ছেলেদের সঙ্গে খেলতাম। জানলার কাচ ভেঙে গেলে ওরা সবাই পালিয়ে যেত। বেশির ভাগ সময় আমি একাই পড়ে থাকতাম। কারণ, ক্রিকেটকে এতটাই ভালোবাসতাম যে পার্কে ব্যাট আর স্টাম্প ফেলে চলে যেতে পারতাম না। শেষ পর্যন্ত আমিই সব সরঞ্জাম গুছিয়ে নিয়ে বাড়ি ফিরতাম। ততক্ষণে ধরা পড়ে যেতাম।’
ছোটবেলার এই ঘটনা যেন ক্রিকেটের প্রতি বিরাটের ভালোবাসা ও শ্রদ্ধাকে আরও একবার ফুটিয়ে তোলে। পাড়ার গলিতে খেলার সরঞ্জাম আগলে রাখা সেই ছেলেই পরবর্তীকালে বিশ্ব ক্রিকেটে হয়ে উঠেছেন ‘কিং’। ৫ নভেম্বর জন্মদিন বিরাটের। ৩৮ বছরে পা দেবেন তিনি। তার আগে চর্চা চলছে কোহলির ছোটবেলার এই গল্প নিয়ে।
FAQ
Q1. ছোটবেলায় বিরাট কোহলি কোথায় ক্রিকেট খেলতেন?
দিল্লির উত্তম নগরে নিজের বাড়ির আশপাশে বন্ধু ও বয়সে বড় ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট খেলতেন বিরাট।
Q2. ক্রিকেট খেলতে গিয়ে বিরাট কোহলি কী করতেন?
শট খেলতে গিয়ে প্রায়ই প্রতিবেশীদের বাড়ির জানলার কাচ ভেঙে ফেলতেন তিনি।
Q3. জানলার কাচ ভাঙার পর অন্যরা পালিয়ে গেলেও বিরাট কেন থাকতেন?
ক্রিকেটের সরঞ্জাম ফেলে যেতে চাইতেন না বিরাট। তাই অন্যরা পালিয়ে গেলেও তিনি ব্যাট ও স্টাম্প গুছিয়ে বাড়ি ফিরতেন।
Q4. বিরাট কোহলির ছোটবেলার গল্প কোথায় প্রকাশ্যে এসেছিল?
২০১৮ সালের ‘Mega Icons’ তথ্যচিত্রে নিজের ছোটবেলার ক্রিকেট খেলার অভিজ্ঞতা জানিয়েছিলেন বিরাট।
Q5. বিরাট কোহলির ডাকনাম চিকু কেন?
ছোটবেলায় গোলগাল চেহারার কারণে তাঁর ডাকনাম হয়েছিল ‘চিকু’।


