Advertisement

সচিনকে টপকে আরও এক মাইলস্টোন জো রুটের, গড়লেন নতুন রেকর্ড

এই সময়

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সচিন তেন্ডুলকরকে টপকে এলিট ক্লাবে জো রুট।,ছবি: ECB
সচিন তেন্ডুলকরকে টপকে এলিট ক্লাবে জো রুট।,ছবি: ECB

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি বড় মাইলস্টোন ছুঁলেন জো রুট (Joe Root)। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ODI ম্যাচে ২৩ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে ঢুকে পড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। এই কৃতিত্বে পৌঁছতে রুটের লেগেছে ৫২১টি ইনিংস। ফলে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে এই মাইলফলকে পৌঁছনোর ক্ষেত্রে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হলেন তিনি। একমাত্র বিরাট কোহলি (Virat Kohli) রয়েছেন তাঁর আগে। ৪৯০ ইনিংসে ২৩ হাজার রান করেছিলেন কোহলি।

সচিনকে টপকে দ্বিতীয় রুট

ডারহ্যামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ২৩ হাজার রানে পৌঁছতে রুটের প্রয়োজন ছিল মাত্র তিন রান। নিজের চেনা স্টাইলেই সেই রান তুলে নেন তিনি। কব্জির দুর্দান্ত ব্যবহার করে বলকে ফ্লিক করে বাউন্ডারি লাইমের বাইরে পাঠিয়ে মাইলফলক স্পর্শ করেন জো রুট। ৩৫ বছরের এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান করা মাত্র অষ্টম ব্যাটার। একই সঙ্গে ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। তালিকায় রুটের আগে রয়েছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, রিকি পন্টিং এবং জ্যাক কালিস।

ইংল্যান্ডের জার্সিতে জো রুটের ছবি।

সচিনের আরও এক রেকর্ডের দিকে রুট

সচিনের একাধিক রেকর্ড ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছেন রুট। সম্প্রতি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ডও নিজের দখলে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার। তবে সচিনের সবচেয়ে বড় রেকর্ডটি এখনও রুটের সামনে রয়েছে। টেস্টে সচিনের ১৫,৯২১ রানের রেকর্ড ভাঙার দিকেই এখন নজর রুটের। বর্তমানে তাঁর ঝুলিতে রয়েছে ১৪,২৭৮ রান। অর্থাৎ সচিনের থেকে এখনও ১,৬৪৩ রান পিছিয়ে তিনি। টেস্টে সচিনের ২০০টি ম্যাচ খেলার রেকর্ড থেকেও আর ৩১ ম্যাচ দূরে রয়েছেন রুট।

ডিসেম্বরে ৩৬ বছরে পা দেবেন রুট। বয়স বাড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা এখনও নজর কাড়ার মতো। বিশেষ করে ODI ক্রিকেটে তাঁর পারফরম্যান্স অনেক সময় টেস্টের তুলনায় কম আলোচনায় এলেও সংখ্যার বিচারে তিনি ইংল্যান্ডের অন্যতম সফল ব্যাটার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৪, জিতল ইংল্যান্ড

মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য বড় রান করতে পারেননি রুট। ৪৪ রান করে শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে অভিষেক হওয়ার লেগস্পিনার সচিন্দু কলম্বাগের বলে বোল্ড হন তিনি। ২৮ বছরের এই স্পিনার নিজের অদ্ভুত বোলিং অ্যাকশন এবং বলের দুর্দান্ত ঘূর্ণির সাহায্যে রুটকে সাজঘরে ফেরান। পরে জস বাটলারকেও LBW করেন তিনি।

ইংল্যান্ডের জার্সিতে জো রুটের ছবি।

প্রসঙ্গত, এর আগে ODI ক্রিকেটে রুটের রান ছিল ৭,৮২৬। গড় ৫১-এর বেশি। রয়েছে ২০টি শতরানও। এক দিনের ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

ডারহ্যামের ম্যাচে শেষ পর্যন্ত ৮৯ রানে জয় পায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৬৭ রান করেন। উইল জ্যাকস ব্যাট হাতে অপরাজিত ৪৬ রানের পর বল হাতে ২২ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ইংল্যান্ড ২৬৫ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১৭৬ রানে। ফলে T20 সিরিজ়ে ৩-০ জয়ের পর ODI সিরিজ়েও জয় দিয়ে শুরু করল ইংল্যান্ড।

Lading . . .