Advertisement

তারুণ্যে ভরসা ভারতের, কিউয়িদের বিরুদ্ধে টেস্ট অভিষেকের দৌড়ে এগিয়ে গুরনুর

এই সময়

প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬

অভিষেক গুরনুর ব্রারের ?,ছবি: সংগৃহীত
অভিষেক গুরনুর ব্রারের ?,ছবি: সংগৃহীত

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ে ভারতীয় দলে গুরনুর ব্রার (Gurnoor Brar) সুযোগ দেওয়া নিয়ে নিজের মতামত জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। তাঁর মতে, নিউ জ়িল্যান্ডের পরিবেশ ও পিচের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে পেস ও বাউন্সের সুবিধা নিতে গুরনুরকে দলে রাখা হয়েছে। তবে প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna) পুরোপুরি ফিট না থাকলে তাঁর জায়গায় গুরনুরকে খেলানো হতে পারে বলেও মনে করছেন গাভাস্কর। প্রসঙ্গত, কুলদীপ যাদবের (Kuldeep Yadav) পরিবর্তে দলে নেওয়া হয়েছে গুরনুরকে।

প্রসিধ কৃষ্ণর ফিটনেস নিয়ে চিন্তা

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়েছিলেন প্রসিধ। তার পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি কর্নাটকের এই পেসার। যদিও তাঁর গতি ও বাউন্স আদায় করার ক্ষমতা ভারতীয় বোলিংকে বাড়তি শক্তি জোগাতে পারে, তবে চোট সারিয়ে তিনি কতটা ম্যাচ খেলার মতো জায়গায় রয়েছেন, তা নিয়ে প্রশ্ন থাকছে।

কেএল রাহুলের সঙ্গে গুরনুর ব্রার।

এই পরিস্থিতিতে গুরনুরকে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখছেন গাভাস্কর। সোনি স্পোর্টসে তিনি বলেন, ‘কুলদীপকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি পিচের পরিস্থিতির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। একদিনের ম্যাচে আমরা দেখেছি, এই ধরনের পিচে গুরনুর নিজের গতি ও বাউন্স কাজে লাগাতে পারে। অন্য দিকে, চোট সারিয়ে ফিরছে প্রসিধ কৃষ্ণ। চোটের পর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি ও। তাই পুরোপুরি তৈরি না-ও থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘গুরনুর নিয়মিত ক্রিকেট খেলছে। ম্যাচ খেলার জন্যও তৈরি রয়েছে। সম্ভবত সেই কারণেই ওকে দলে নেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে প্রসিধ কৃষ্ণর জায়গায় খেলানো যায়।’

তিন নম্বরে পাডিক্কালকেই চাইছেন গাভাস্কর

শুধু বোলিং নয়, ভারতের ব্যাটিং কম্বিনেশন নিয়েও নিজের মত জানিয়েছেন গাভাস্কর। তিন নম্বরে দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal) খেলানোর পক্ষেই সওয়াল করেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের টেস্ট সিরিজ়ে দুরন্ত ব্যাটিং করেছিলেন পাডিক্কাল। দুই ম্যাচে করেছিলেন দু’টি শতরান। প্রস্তুতি ম্যাচেও ভালো পারফর্ম করেছেন তিনি। ফলে তিন নম্বর জায়গায় নিজের দাবি আরও জোরালো করেছেন এই ব্যাটার।

কেএল রাহুলের সঙ্গে গুরনুর ব্রার।

অন্য দিকে, তাঁর পরিবর্তে দলে জায়গা পাওয়া সাই সুদর্শন (Sai Sudharsan) এখনও টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা দেখাতে পারেননি। গাভাস্করের মতে, এই ফরম্যাটে নিজেকে আরও ভালো ভাবে তৈরি করার জন্য সুদর্শনের সময় প্রয়োজন।

প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, ‘শ্রীলঙ্কায় পাডিক্কাল যে ভাবে ব্যাট করেছে, এমন কী এখানকার প্রস্তুতি ম্যাচেও যে ভাবে খেলেছে, তাতে তিন নম্বর জায়গাটা ও পাকা করে নিয়েছে। অন্য দিকে, টেস্ট ক্রিকেটে সাই সুদর্শনের পারফরম্যান্স কখনও ভালো, কখনও খারাপ। এই ফরম্যাটে নিজেকে আরও ভালো ভাবে তৈরি করতে ওর আরও অভিজ্ঞতা প্রয়োজন।’

Lading . . .