‘সব কিংবদন্তির বিদায় হয় না’, সামির অবসরে কী বার্তা দিতে চাইলেন প্রাক্তন অধিনায়ক?
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেও জাতীয় দলে জায়গা না পাওয়ার বিতর্কের মাঝেই বড় ঘোষণা করেছেন মহম্মদ সামি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সি এই পেসার। ১২ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন তিনি। সামির এই সিদ্ধান্তে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর সতীর্থ ও প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মধ্যে অন্যতম বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। সামির সঙ্গে বাংলার হয়ে খেলার এবং নেতৃত্বের অভিজ্ঞতা থেকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। জানালেন, সব কিংবদন্তির বিদায় হয় না, তাঁরা ইতিহাস হয়ে থাকেন। কেন এমন বললেন মনোজ?
মহম্মদ সামিকে নিয়ে বিশেষ বার্তা মনোজ তিওয়ারির
নিজের X হ্যান্ডলে এই নিয়ে মনোজ লেখেন, ‘সামির হাতে হয়তো লাল বল থাকবে না। কিন্তু ওঁর বিধ্বংসী বোলিংয়ের স্মৃতি চিরকাল ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে। কিছু কিংবদন্তি বিদায় জানান না, তাঁরা ইতিহাসের অংশ হয়ে থাকেন। বাংলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সময়ে বোলিং আক্রমণে সামিকে পাওয়া ঠিক এমনই অভিজ্ঞতা ছিল। উনি সব সময় একজন যোদ্ধা হয়েই থাকবেন।’
একটানা ভালো পারফর্ম করেও সামির জাতীয় দলে জায়গা না পাওয়ার বিষয়টি মনোজের কথায় স্পষ্ট। ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে নজর কাড়লেও কিউয়িদের বিরুদ্ধে সিরিজ়ে ভারতীয় দলে ডাক পাননি সামি। তাই অনেকে মনে করছেন এক প্রকার বাধ্য হয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় নিয়েছেন তিনি। তাই সব কিংবদন্তির বিদায় না হওয়ার প্রসঙ্গ টেনেছেন মনোজ, এমনটাই ধারণা ক্রিকেটপ্রেমীদের একাংশের। ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলে ২২৯টি উইকেট নিয়েছেন সামি।
"The red ball may no longer be in his hands, but the memories of his thunderbolts will forever remain in the hearts of cricket lovers. Some legends don't say goodbye; they simply become history." This what it meant to me When I was leading the bengal team and having Shami in the bowling line up. Warrior at heart @MdShami11
সামিকে নিয়ে কী বার্তা ভারতের বোলিং কোচের?
মহম্মদ সামির অবসর নিয়ে মুখ খুলেছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও। সামির সঙ্গে টেস্ট টিমে কাজ না করলেও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে কাছ থেকে দেখেছিলেন মর্কেল। এ বার ভারতীয় কোচ জানালেন, ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেটের ভাষা বুঝতে তাঁকে সাহায্য করেছিলেন সামি।
এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে ভারতীয় দলের সঙ্গে কাজ শুরুর সময়ে সামির মতো একজন দক্ষ ক্রিকেটারকে পেয়েছি। ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেটের ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে আমাকে সাহায্য করেছিল। ওঁর বিদায়ের দিনটা সত্যিই দুঃখের।’


