ভারতের বিরুদ্ধে ODI-তে নামার আগেই বড় ধাক্কা কিউয়িদের, ছিটকে গেলেন ২ তারকা
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের কাছে হেরে গিয়েছে নিউ জ়িল্যান্ড। এ বার ODI সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা খেল কিউয়িরা। ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি চ্যাপম্যান। অন্য দিকে, কাঁধের সমস্যায় ভুগছেন রাচিন রবীন্দ্র। ফলে দু’জনেই খেলতে পারবেন না ৯ নভেম্বর থেকে শুরু হতে চলা ODI সিরিজ়ে। তাঁদের পরিবর্তে কাদের দলে নিয়েছে নিউ জ়িল্যান্ড?
কারা যোগ দিলেন নিউ জ়িল্যান্ড দলে?
ভারতের বিরুদ্ধে ODI সিরিজ়ের জন্য হেনরি নিকোলস, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট ও টিম সেইফার্টকে দল নিয়েছেন নিউ জ়িল্যান্ডের নির্বাচকরা। প্রথমে সিরিজ়ের চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য টিমে ছিলেন সেইফার্ট। তবে এখন গোটা সিরিজ়েই খেলবেন তিনি। প্রথম তিনটি ম্যাচের দলে যোগ দেবেন হেনরি নিকোলস।
অন্য দিকে, শেষ দু’টি ম্যাচের জন্য কিউয়ি শিবিরে যোগ দেবেন ফক্সক্রফট। এর পাশাপাশি চতুর্থ ও পঞ্চম ODI-এ জন্য নির্বাচিত ফিশারও বোলিংয়ে অতিরিক্ত বিকল্প হিসেবে পুরো সিরিজ়ে টিমের সঙ্গে থাকবেন।
চ্যাপম্যান ও রাচিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ নিউ জ়িল্যান্ড
মার্ক চ্যাপম্যানের MRI রিপোর্টে দেখা গিয়েছে, সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে তাঁর প্রায় দু’সপ্তাহ সময়য় লাগবে। রিহ্যাবে রয়েছেন তিনি। অন্য দিকে, রাচিনের ডান কাঁধের চোট এখনও পুরোপুরি সারেনি। সাদা বলের ক্রিকেটে স্বচ্ছন্দে ফিল্ডিং করার মতো অবস্থায় পৌঁছতে তাঁর আরও সময় লাগবে। এর পাশাপাশি নভেম্বরের শেষ দিকে শুরু হবে টেস্ট সিরিজ়। তাই রাচিন ও চ্যাপম্যানকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কিউয়ি শিবির।
নজরকাড়া সেঞ্চুরির সুবাদে দলে এলেন নিকোলস
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিকোলস। ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিরুদ্ধে ক্যান্টারবেরির হয়ে দ্বিতীয় ম্যাচে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। লিস্ট এ ক্রিকেটে এটি তাঁর ১৩তম শতরান। সেই পারফরম্যান্সের জেরেই ভারতের বিরুদ্ধে ODI সিরিজ়ের প্রথম তিনটি ম্যাচের দলে জায়গা করে নিয়েছেন নিকোলস।
অন্য দিকে, ভারতীয় A দলের বিরুদ্ধে লাল বলের সিরিজ় শেষ করার পরে সিনিয়র দলে যোগ দেবেন ফক্সক্রফট। সোমবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ম্যাট হেনরিরও। তবে আসন্ন ম্যাচগুলিতে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে ফিটনেস টেস্টের ফলাফলের উপরে।


