হ্যামিল্টনে হঠাৎ ভ্যানিশ রোহিত! ১৫ মিনিট নিখোঁজ ছিলেন হিটম্যান, খুঁজে পায়নি টিমের কেউ
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬
বৃষ্টির দাপটে ভেস্তে গিয়েছে ভারত-নিউ জ়িল্যান্ড (India vs New Zealand) তৃতীয় একদিনের ম্যাচ। হ্যামিল্টনের সেডন পার্কে (Seddon Park) টস হলেও একটি বলও খেলা সম্ভব হয়নি। পাঁচ ম্যাচের সিরিজ়ে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শুবমান গিলের (Shubman Gill) ভারত। ফলে শেষ দু'টি ম্যাচের ফল যাই হোক, সিরিজ় হারছে না টিম ইন্ডিয়া ।
তবে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হওয়ার দিন মাঠে অন্য এক ঘটনায় চর্চায় উঠে এলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের বাস সেডন পার্কে পৌঁছনোর পর প্রায় ১৫ মিনিট তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। বাস থেকে নেমে কোথায় চলে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক, তা বুঝতে পারেননি দলের কেউই।
১৫ মিনিট কোথায় ছিলেন রোহিত?
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দলের বাস সেডন পার্কে পৌঁছনোর পর রোহিতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাস থেকে নামার পর তিনি কোথায় গিয়েছেন, তা নিয়ে দলের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। প্রায় ১৫ মিনিট তাঁর কোনও খোঁজ মেলেনি। বৃষ্টির কারণে ম্যাচ হওয়ার সম্ভাবনা কম থাকায় ক্রিকেটারদের অনেকেই মাঠে নামেননি। ফলে রোহিতের অনুপস্থিতি আরও নজরে আসে।
এর পর অধিনায়ক শুবমান গিল, প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং সাপোর্ট স্টাফরা বাস থেকে নেমে মাঠের ভিতরে চলে যান। অন্য ক্রিকেটারদের নিয়ে বাসটি হোটেলের উদ্দেশে রওনা দেয়। সেই বাসেই ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত। তবে বাস থেকে নামার পর ওই ১৫ মিনিট রোহিত কোথায় ছিলেন, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। পরে তাঁকে বিরাটের সঙ্গে হোটেলে ফেরার বাসে দেখা যায়। বৃষ্টির জন্য ম্যাচ না হলেও রোহিতের এই হঠাৎ অন্তর্ধান নিয়ে দলের অন্দরে তৈরি হয় কৌতূহল।
রোহিতের অন্যমনস্কতা নিয়ে আগে থেকেই নানা গল্প
রোহিতের এই ঘটনার সঙ্গে তাঁর ভুলে যাওয়ার স্বভাবের কোনও যোগ রয়েছে কি না, তা জানা যায়নি। তবে ভারতীয় ক্রিকেটে তাঁর অন্যমনস্কতা নিয়ে এর আগেও একাধিক মজার ঘটনা সামনে এসেছে। মাঠে কিংবা মাঠের বাইরে, নানা সময়ে নিজের কাজ বা প্রয়োজনীয় জিনিস ভুলে গিয়ে সতীর্থদের হাসির খোরাক হয়েছেন তিনি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে টস জেতার পর কী সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন রোহিত। মাঠে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকার পর নিজের সিদ্ধান্ত মনে করার চেষ্টা করেন তিনি। এমন ঘটনা একাধিক বার ঘটেছে।
শুধু মাঠেই নয়, হোটেলেও নানা জিনিস ফেলে আসার অভ্যাস রয়েছে তাঁর। কখনও ফোন, কখনও আইপ্যাড, মানিব্যাগ, এমন কী বিয়ের আংটিও হোটেলের ঘরে ফেলে আসার ঘটনা সামনে এসেছে। একাধিক বার পাসপোর্ট ভুলে যাওয়ার কথাও জানা গিয়েছে। তাঁর এই অন্যমনস্কতা নিয়ে সতীর্থদের মধ্যে মাঝেমধ্যেই হাসিঠাট্টা চলে।
তবে হ্যামিল্টনে ১৫ মিনিটের জন্য রোহিতের খোঁজ না মেলার ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।


