নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ড্র, ভারতের WTC ফাইনালের আশা শেষ? কী বলছে অঙ্ক?
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬

কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। কেএল রাহুল, ঋষভ পন্থদের দুরন্ত ব্যাটিংয়ের পরেও হাতছাড়া হয়েছে জয়। ফ্ল্যাট পিচে ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপ্সদের প্রতিরোধ এবং বোলাররা দাগ কাটতে না পারায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ড্র করেছে শুবমান গিলের দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পৌঁছনোর জন্য প্রায় প্রতিটা ম্যাচই জিততে হতো ভারতকে। কিউয়িদের বিরুদ্ধে ড্র করে তাই বড় ধাক্কা খেল ভারত। এখন কী অবস্থা পয়েন্ট টেব্লের? আদৌ WTC ফাইনালে পৌঁছতে পারবে ভারত? জেনে নিন অঙ্ক।
WTC পয়েন্ট টেব্লে কোথায় রয়েছে ভারত?
নিউ জ়িল্যান্ডের মাটিতে ভারতের টেস্ট জয়ের অপেক্ষা আরও বাড়ল। শেষবার ২০০৯ সালে কিউয়িদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জয় পেয়েছিল ভারত। ওয়েলিংটনে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্সের প্রতিরোধে প্রথম টেস্টে ড্র করে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া। এর ফলে চার পয়েন্ট পেয়েছে ভারত। কিন্তু প্রাপ্ত পয়েন্টের শতাংশ (PCT) কমে হয়েছে ৫১.৫২ থেকে ৫০। পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে যা বড় প্রভাব ফেলবে।
অন্য দিকে, নিউ জ়িল্যান্ডের PCT ৬৬.৬৭ শতাংশ হলেও তারা দ্বিতীয় স্থান থেকে নেমে তৃতীয় হয়েছে। তাদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া।
কোন অঙ্কে WTC ফাইনালে উঠতে পারে ভারত?
ভারতের সামনে সমীকরণ এখন বেশ কঠিন। ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ায় আর কোনও ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ নেই ভারতের। চলতি WTC সাইকেলে ভারতের বাকি রয়েছে আর ছ’টি টেস্ট। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের দ্বিতীয় তথা শেষ টেস্টটি শুরু হবে ২৭ নভেম্বর। এর পরে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত। ফাইনালে পৌঁছতে গেলে এই ছয় টেস্টের প্রতিটা জিততেই হবে শুবমানদের। সে ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ PCT হতে পারে ৬৬.৬৭।
সব টেস্টে জিতলেও ফাইনালে যাওয়া অনিশ্চিত
অঙ্কের হিসাবে ভারতের ফাইনালে ওঠার আশা এখনও রয়েছে। তবে ছ’টি ম্যাচ জিতলেও প্রথম দুইয়ে জায়গা নিশ্চিত নয়। কারণ, পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ড আপাতত ভারতের উপরে রয়েছে। তাই তাকিয়ে থাকতে হবে বাকি দলের ম্যাচের ফলাফলের দিকে।
ভারতের বিরুদ্ধে সিরিজ়ের আগে অস্ট্রেলিয়া চারটি টেস্ট খেলবে কিউয়িদের বিরুদ্ধে। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার হাতে রয়েছে আরও সাতটি টেস্ট। বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে তারা। এই ম্যাচগুলির ফলের উপর নির্ভর করবে ভারতের ফাইনালে যাওয়ার আশা।


