মাত্র ২৬ রানে শেষ নেপালের ইনিংস, বৈভব-অভিষেকের ব্যর্থতার দিনে ৩০৬ রানে জিতে ইতিহাস ভারতের
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬
নেপালের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে ২০২৬ সালের এশিয়া কাপ রাইজিং স্টারস অভিযান শুরু করল ভারতীয় ‘এ’ দল (India A)। শুক্রবার প্রথম ম্যাচে নেপালকে ৩০৬ রানে হারাল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। মাত্র ৪২ রানের মধ্যেই ফিরে যান দলের প্রথম সারির তিন ব্যাটার। সেখান থেকে অধিনায়ক তিলক বর্মা (Tilak Varma) এবং কুমার কুশাগ্রর (Kumar Kushagra) হাত ধরে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টিম ইন্ডিয়া । দু’জনেই শতরান করেন। পরে বল হাতে নেপালের ব্যাটিংকে কার্যত গুঁড়িয়ে দেন ভারতের দুই পেসার।
তিলক-কুশাগ্রর শতরানে বড় রান ভারতের
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ থাকলেও, দু’জনেই ব্যাট হাতে বড় রান করতে পারেননি। ৩২ বলে ২২ করে বৈভব। অভিষেকের সংগ্রহ ১৩ বলে ৯। তিন নম্বরে নেমে আয়ুষ বাদোনিও (Ayush Badoni) ব্যর্থ হন। তিনি করেন ৭ বলে ২ রান। এর পর দলের হাল ধরেন অধিনায়ক তিলক এবং কুশাগ্র।
দু’জনে মিলে ২০৬ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরান। পরিস্থিতি বুঝে সাবধানে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সুযোগ পেলেই আক্রমণ করেন তাঁরা। ১১৩ বলে ১০৭ রান করেন তিলক। তাঁর ইনিংসে ছিল ছ'টি চার ও চারটি ছক্কা। অন্য দিকে, আরও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন কুশাগ্র। ১০২ বলে ১১৭ রান করেন তিনি। মারেন ১০টি চার ও পাঁচটি ছক্কা।
শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন সূর্যাংশ শেডগে (Suryansh Shedge)। মাত্র ১৪ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে ভারত। নেপালের হয়ে ললিত রাজবংশী (Lalit Rajbanshi) এবং সন্দীপ লামিচানে (Sandeep Lamichhane) তিনটি করে উইকেট নেন। নন্দন যাদব (Nandan Yadav) পান দু'টি উইকেট।
হর্ষিত-প্রিন্সের পেসে তছনছ নেপালের ব্যাটিং
৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতের পেসারদের সামনে অসহায় দেখায় নেপালকে। নতুন বলে হর্ষিত রানা (Harshit Rana) এবং প্রিন্স যাদবের (Prince Yadav) গতি ও সুইং সামলাতে পারেননি নেপালের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় বলেই অরুণ কামালকে LBW করে প্রথম ধাক্কা দেন হর্ষিত। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নেপাল।
সপ্তম ওভারের মধ্যেই ১৭ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। হর্ষিত ও প্রিন্সের দাপটে নেপালের ব্যাটিং লাইনআপ কার্যত ভেঙে পড়ে। শেষ পর্যন্ত মাত্র ২৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ১১.৩ ওভারেই শেষ হয়ে যায় নেপালের লড়াই। দলের কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি।
প্রিন্স মাত্র ৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। হর্ষিত ১৬ রান দিয়ে পান চার উইকেট। বাকি উইকেটটি নেন শাহবাজ় আহমেদ (Shahbaz Ahmed)। নেপালের বিরুদ্ধে এই জয়ের ফলে এক দিনের ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় জয় পেল ভারতীয় ‘এ’ দল। অন্য দিকে, তালিকাভুক্ত একদিনের ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন দলীয় রান করল নেপাল।
পাকিস্তান ম্যাচের আগে বড় বার্তা ভারতের
নেপালের বিরুদ্ধে এই জয় শুধু ভারতীয় ‘এ’ দলের আত্মবিশ্বাসই বাড়াবে না, রবিবার (২২ নভেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে প্রতিপক্ষকেও সতর্ক করে দিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ব্যাটিং ও বোলিং— দুই বিভাগে এমন দাপট দেখিয়ে নিজেদের শক্তির পরিচয় দিল ভারত।


