Advertisement

‘কুলদীপ-মানব কোথায়?’ গম্ভীরের দল নির্বাচন নিয়ে বিস্ফোরক সৌরভ

এই সময়

প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬

গম্ভীর-গিলের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?,ছবি: BCCI
গম্ভীর-গিলের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?,ছবি: BCCI

ওয়েলিংটনে প্রথম টেস্ট ড্র হওয়ার পর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে গিয়েছে। বাকি ছ'টি টেস্টেই জিততে হবে শুবমান গিলের (Shubman Gill) দলকে। তার মধ্যে পাঁচটি ম্যাচ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের পরিকল্পনা এবং প্রথম টেস্টের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশেষ করে প্রথম একাদশে কোনও বিশেষজ্ঞ স্পিনার না রাখার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং মানব সুতারকে (Manav Suthar) দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে সরাসরি নির্বাচক ও কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দিকে আঙুল তুলেছেন তিনি।

বিশেষজ্ঞ স্পিনার কোথায়? গম্ভীরকে প্রশ্ন সৌরভের

এক্সে (X) নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সৌরভ। প্রথম টেস্টে ভারতের ব্যাটারদের পারফরম্যান্সের প্রশংসা করলেও, বিশেষজ্ঞ স্পিনার না খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সৌরভের মতে, বিদেশের যে সব পিচ সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে যায়, সেখানে টেস্ট জিততে হলে একজন দক্ষ স্পিনার থাকা জরুরি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গৌতম গম্ভীর ও শুবমান গিলের ছবির কোলাজ।

India has been brilliant this series .. white ball and now red ball .. the batting application looked super .. but they must understand to win test matches away a genuine spinner is a must on pitches which get flat with time ..u have to play one in test cricket .. Washington can play as an allrounder ..@bcci where is Kuldeep or Manav sutar ?

BCCI-কে ট্যাগ করে সৌরভ লিখেছেন, ‘এই সিরিজ়ে ভারত দারুণ খেলেছে। সাদা বলের ক্রিকেট থেকে শুরু করে লাল বলের ক্রিকেটেও দলের ব্যাটিং খুব ভালো হয়েছে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, বিদেশের যে সব পিচ সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে যায়, সেখানে টেস্ট জিততে হলে একজন প্রকৃত স্পিনার থাকা খুব জরুরি। টেস্ট ক্রিকেটে অন্তত একজন বিশেষজ্ঞ স্পিনারকে খেলাতেই হবে। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) অলরাউন্ডার হিসেবে খেলতে পারে। কিন্তু কুলদীপ বা মানব সুতার কোথায়?’

ব্যাটারদের প্রশংসা, ভারতের পারফরম্যান্সে খুশি সৌরভ

প্রথম টেস্টে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্সে মুগ্ধ সৌরভ। ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৭২০ রান করে ডিক্লেয়ার করেছিল ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ভারতের প্রথম সাত জন ব্যাটারই একই ইনিংসে ৫০ বা তার বেশি রান করেন। লোকেশ রাহুল (KL Rahul) ১৩৬ এবং ঋষভ পন্থ (Rishabh Pant) ১২৮ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। প্রথম ইনিংসে ৩৫২ রানের লিডও নিয়েছিল ভারত।

সাদা বলের ক্রিকেটেও ভারতীয় দলের সাফল্যের কথা উল্লেখ করেছেন সৌরভ। তাঁর মতে, সীমিত ওভারের ক্রিকেটে ভারত নিজেদের সেরা দল হিসেবে প্রমাণ করেছে। তবে প্রথম টেস্ট ড্র হওয়ায় এখন দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ় জেতাই গিলদের সামনে বড় চ্যালেঞ্জ। ২০০৯ সালের পর প্রথম বার নিউ জ়িল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় জেতার সুযোগ রয়েছে ভারতের সামনে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গৌতম গম্ভীর ও শুবমান গিলের ছবির কোলাজ।

কুলদীপ ও মানবকে কেন বাদ দেওয়া হয়েছিল?

প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৬ জনের দলে প্রথমে কুলদীপ যাদবকে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের কয়েক দিন আগে তাঁকে সরিয়ে গুরনুর ব্রারকে (Gurnoor Brar) দলে নেওয়া হয়। দলের হাতে বাড়তি একজন পেসার রাখার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল। তবে একদিনের সিরিজ় এবং আগের টেস্ট ম্যাচগুলিতে কুলদীপের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।

অন্য দিকে, মানব সুতারকে প্রথম থেকেই টেস্ট সিরিজ়ের দলে রাখা হয়নি। ঘরের মাঠে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও ভালো বল করেছিলেন মানব। তার পরেও তাঁকে সুযোগ না দেওয়ায় অবাক হয়েছেন অনেক প্রাক্তন ক্রিকেটার।

দল নির্বাচনের ক্ষেত্রে পিচের পরিস্থিতি, দলের ভারসাম্য এবং স্পিন করতে পারেন এমন অলরাউন্ডারদের বেশি গুরুত্ব দেওয়ার কারণেই মানবকে বাদ রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞ স্পিনার ছাড়া টেস্ট ম্যাচ জেতা কঠিন, সৌরভের মন্তব্যে সেই বিতর্কই নতুন করে সামনে এল। ওয়েলিংটনে ড্রয়ের পর এখন ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে দল কী ভাবে সাজান গম্ভীর ও গিল, সে দিকেই নজর থাকবে।

Lading . . .