২২ টেস্ট, ৪ দেশ— WTC ফাইনালের দৌড়ে কতটা পিছিয়ে ভারত? এগিয়ে কারা? জানুন অঙ্ক
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬

জমে উঠেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ফাইনালে ওঠার আশা কার্যত শেষ। তাই ফোকাসে এখন পয়েন্ট তালিকার প্রথম চারটি দেশ— দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড এবং ভারত। বাকি রয়েছে ২২টি টেস্ট বাকি। আগের দু’টি WTC সাইকেলে ফাইনালে ওঠা দলগুলির পয়েন্ট পার্সেন্টেজ ছিল ৬৫ শতাংশের বেশি। এ বারেও সেই সম্ভাবনাই রয়েছে। তবে ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। শুধু নিজেদের বাকি ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। বাকি দলগুলির সামনে ফাইনালে পৌঁছনোর অঙ্ক কী? জেনে নিন বিশদে।
দক্ষিণ আফ্রিকা (PCT: ৭৫ শতাংশ)
তেম্বা বাভুমার টিম খেলেছে মোট ৮টি টেস্ট। এর মধ্যে জিতেছে ৬টিতে, হেরেছে দুটো ম্যাচে। একটা ম্যাচও ড্র করেনি প্রোটিয়ারা। চলতি WTC সাইকেলে তাদের হাতে রয়েছে আর ৬টি টেস্ট। ফাইনালে পৌঁছনোর রেসে সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকাই। বাকি ছ’টি টেস্টের মধ্যে চারটিতে জিতলেই তাদের পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াবে ৭১.৪৩ শতাংশে। ফাইনালে ওঠার জন্য যা যথেষ্ট।
তিনটি জয় ও তিনটিতে হারলে পয়েন্ট পার্সেন্টেজ হবে ৬৪.২৮ শতাংশ। অন্য দিকে, তিনটি জয় ও একটি ড্র এবং বাকি দুটোতে হারলে প্রাপ্ত পয়েন্টের শতাংশ পৌঁছতে পারে ৬৬.৬৭-এ।
অস্ট্রেলিয়া (PCT: ৬৯.২৩ শতাংশ)
অজ়িরা খেলেছে মোট ১৩টি টেস্ট। এর মধ্যে জয় পেয়েছে ৯টায়, হেরেছে চারটিতে। চলতি WTC সাইকেলে তাদের হাতে রয়েছে আরও ৯টি টেস্ট। ফাইনালে ওঠার দৌড়ে দক্ষিণ আফ্রিকার পরেই রয়েছে অস্ট্রেলিয়া। বাকি ৯ টেস্টের মধ্যে পাঁচটিতে জিতলে তাদের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৬৩.৬৪। ছ’টি জয় পেলে তা বেড়ে দাঁড়াবে ৬৮.১৮ শতাংশে। অন্য দিকে, চারটিতে জিতলে পয়েন্ট পার্সেন্টেজ নেমে হবে ৫৯.০৯।
অস্ট্রেলিয়ার সামনে রয়েছে গুরুত্বপূর্ণ দুই সিরিজ়। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট খেলার পর পাঁচ টেস্টের সিরিজ় খেলতে ভারতে আসবে তারা। এই দুই সিরিজ়ের ফলই তাদের ফাইনালে ওঠার দৌড়ে বড় ভূমিকা নেবে।
নিউ জ়িল্যান্ড (PCT: ৬৬.৬৭ শতাংশ)
এখনও পর্যন্ত কিউয়িরা খেলেছে মোট সাতটি টেস্ট। জিতেছে চারটিতে এবং ড্র করেছে দুটো ম্যাচ। হেরেছে একটি ম্যাচে। WTC ফাইনালে ওঠার রেসে এখনও ৯টি টেস্ট রয়েছে তাদের হাতে। বাকি ১০৮ পয়েন্টের মধ্যে ৬০ পয়েন্ট পেলে তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬০-এর উপরে থাকবে।
তবে ফাইনালে উঠতে গেলে আরও বেশি পয়েন্ট প্রয়োজন। বাকি ম্যাচগুলির মধ্যে পাঁচটি জয় পেলেই নিউ জ়িল্যান্ডের PCT ৬০ শতাংশের উপরে পৌঁছে যাবে। চারটি জয় ও তিনটি ড্র হলেও সমীকরণ একই হবে। অন্য দিকে, ছ’টি ম্যাচে জয় ও তিনটিতে হারলে কিউয়িদের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৬৬.৬৭ শতাংশে।
ভারত (PCT: ৫০ শতাংশ)
চলতি WTC সাইকেলে এখনও পর্যন্ত ১২টি টেস্ট খেলেছে ভারত। এর মধ্যে পাঁচটি জয়, চারটি হার এবং তিনটি ম্যাচে ড্র করেছে শুবমান গিলের দল। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তারা। বাকি রয়েছে আর ৬টি টেস্ট। তবে ওয়েলিংটনে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ড্র হওয়ায় ভারতের ফাইনালে ওঠার অঙ্ক আরও কঠিন হয়েছে। হাতে থাকা ছ’টি টেস্টের প্রত্যেকটায় জিতলেও ভারতের সর্বোচ্চ PCT হবে ৬৬.৬৭ শতাংশ। পাঁচটি জয় ও একটি ড্র হলে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৬২.৯৬। পাঁচটি জয় ও একটিতে হারলে সেটা হবে ৬১.১১ শতাংশ।
অর্থাৎ, ভারতের সামনে এখন একটাই রাস্তা— বাকি প্রতিটি টেস্টে জিতে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করা। তবে শুধু নিজেদের পারফরম্যান্সই যথেষ্ট নয়। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডের বাকি ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। ফলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা কার্যত ক্ষীণ বললেই চলে।


