IPL 2027 নিলামে KKR-এর নজরে স্টোকস, আদৌ লাভ হবে? দৌড়ে আর কোন দল?
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬

১৬ ডিসেম্বর গোয়ায় আসর বসবে IPL ২০২৭-এর নিলামের। তার আগে প্রকাশ্যে এসেছে নিলামে নাম নথিভুক্ত করা প্লেয়ারদের তালিকা। মোট ১২২০ জনের মধ্যে সবচেয়ে বেশি চর্চায় এখন বেন স্টোকস। ২০২৫ সালের নিলামে নাম না দেওয়ায় ২০২৬-এর মিনি নিলামে অংশ নিতে পারেননি তিনি। এ বার ২ কোটি টাকা বেস প্রাইসের বিভাগে রয়েছেন স্টোকস। এই পরিস্থিতিতে স্টোকসকে দলে পেতে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের এই পেসার অলরাউন্ডারকে পেলে কতটা লাভ হবে নাইটদের? KKR ছাড়া দৌড়ে আর কারা? জেনে নিন বিশদে।
বেন স্টোকসকে নিতে ঝাঁপাবে KKR?
ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে দলে নেওয়ার কথা ভাবতে পারে কলকাতা নাইট রাইডার্স। বিশেষত অস্ট্রেলিয়ার পেসার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বিকল্প হিসেবে তাঁকে কাজে লাগাতে পারে KKR। গত মরশুমে চোটের জন্য অধিকাংশ ম্যাচেই খেলতে পারেননি গ্রিন। তাঁর বোলিং নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়ার ঠাসা সূচির কারণে IPL-এ পুরো মরশুম তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি, অ্যাশেজ় এবং তার পরে ODI বিশ্বকাপও আছে। ফলে গ্রিনের IPL খেলার বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
সেই জায়গায় স্টোকসকে দলে পেলে লাভ হবে KKR-এর। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি IPL খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় জাতীয় দলের সূচির চাপও কম থাকবে। তাই বোলিংয়ের পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ের ওয়ার্কলোড সামলাতে সমস্যা হবে না স্টোকসের। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তাই রাহানের জায়গায় স্টোকসকে ক্যাপ্টেন হিসেবেও ভাবতে পারে নাইটরা। যদিও অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রিঙ্কু সিং। সে ক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন বা লিডারশিপ গ্রুপে দায়িত্ব পেতে পারেন তিনি।
দৌড়ে থাকবে লখনৌ সুপার জায়ান্টও
IPL-এ গত মরশুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি লখনৌ সুপার জায়ান্টস। পয়েন্ট তালিকার নিচের দিকে শেষ করেছিল তারা। ঋষভ পন্থকেও ছেড়ে দিয়েছে LSG। তাই মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, এমন কাউকে খুঁজছে লখনৌ। ফলে স্টোকস হতে পারেন আদর্শ বিকল্প।
২০১৭ সালে রাইজ়িং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। সেই ফ্র্যাঞ্চাইজ়ির মালিক ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, যিনি বর্তমানে LSG-র কর্ণধার। ২০১৭ সালে পুনের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন স্টোকস। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে তাঁকে ফের দলে নিতে আগ্রহী হতে পারে LSG।
রাজস্থান রয়্যালসে ফিরবেন স্টোকস?
নিলামের আগে শিমরন হেটমায়ারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাই পুরোনো দলে ফিরতে দেখা যেতে পারে স্টোকসকে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজস্থানের হয়েই খেলেছিলেন তিনি। স্টোকসকে পেলে মিডল অর্ডারে অভিজ্ঞতা ও শক্তি বাড়বে RR-এর। প্রয়োজন অনুযায়ী চার ওভার বোলিংও করতে পারবেন। এর পাশাপাশি তাঁর অভিজ্ঞতাও তরুণ অধিনায়ক রিয়ান পরাগকে সাহায্য করবে।


