Advertisement

‘বৈভব সূর্যবংশীকে সহ-অধিনায়ক করা ঠিক হয়নি’, আপত্তি জানালেন সচিন তেন্ডুলকর

এই সময়

প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬

বৈভবকে নিয়ে ঠিক কী বললেন সচিন তেন্ডুলকর?,ছবি: সংগৃহীত
বৈভবকে নিয়ে ঠিক কী বললেন সচিন তেন্ডুলকর?,ছবি: সংগৃহীত

১৫ বছরের বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) দলীপ ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুললেন সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। তাঁর মতে, এত কম বয়সে বৈভবকে এই দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। বরং এখনই তাঁর উপর নেতৃত্বের চাপ না দিয়ে বেশি করে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ দেওয়া উচিত। রেডিটের (Reddit) ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক সমর্থকের প্রশ্নের উত্তরে নিজের মতামত জানিয়েছেন সচিন।

বৈভবের সহ-অধিনায়ক হওয়া নিয়ে কী বললেন সচিন?

রেডিটের ওই পর্বে সচিনকে প্রশ্ন করা হয়েছিল, ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে দলীপ ট্রফিতে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তকে তিনি কী ভাবে দেখছেন? উত্তরে সচিন স্পষ্ট জানান, তাঁর মতে সিদ্ধান্তটি ঠিক হয়নি।

সচিন তেন্ডুলকর এবং বৈভব সূর্যবংশীর ছবির কোলাজ।

সচিনের দাবি, ‘আমার মনে হয়, বৈভবকে দলীপ ট্রফিতে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তটা একটু তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে। ওকে এখন খেলতে দিন। এই মুহূর্তে ওকে যত বেশি সম্ভব লাল বলের ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত। ধীরে ধীরে, এক একটা ধাপ পেরিয়ে ওকে এগোতে দেওয়া দরকার।’

বৈভবকে সহ-অধিনায়ক করার পিছনে কী যুক্তি ছিল?

বৈভবকে দলীপ ট্রফিতে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তবে পূর্বাঞ্চলের নির্বাচক কমিটির সদস্য প্রবঞ্জন মালিক সেই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বৈভবকে অধিনায়ক করা হয়নি, শুধু সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের অধিনায়ক ঈশান কিষান। উইকেটকিপার হওয়ার কারণে ঈশান পুরো ম্যাচে মাঠের পরিস্থিতির সঙ্গে যুক্ত থাকবেন। তাই বৈভবকে কিছুটা দায়িত্ব দিয়ে তাঁকে আরও পরিণত করে তোলাই ছিল তাঁদের উদ্দেশ্য।

সচিন তেন্ডুলকর এবং বৈভব সূর্যবংশীর ছবির কোলাজ।

একদিন ভারতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন নির্বাচক

প্রবঞ্জন আরও জানিয়েছিলেন, ভবিষ্যতে বৈভবকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও দেখতে চান তাঁরা। তিনি বলেছিলেন, ‘আমাদের বিশ্বাস, তরুণ ক্রিকেটারদের দায়িত্ব দেওয়া উচিত। কে বলতে পারে, একদিন ও ভারতীয় দলের অধিনায়ক হয়ে উঠবে! ওকে সহ-অধিনায়ক করার পিছনে আমাদের ভাবনা ছিল সেটাই।’

তিনি আরও জানান, দেশের হয়ে ভালো খেলছে বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে IPL-এও ভালো মরশুম কাটিয়েছে সে। পাশাপাশি বিহার রঞ্জি দলেরও সহ-অধিনায়ক বৈভব। তাই তরুণ ক্রিকেটারকে আরও দায়িত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল পূর্বাঞ্চলের নির্বাচক কমিটি।

Lading . . .