‘বেঞ্চে বসিয়ে প্লেয়ার তৈরি হয় না’, গম্ভীরের ‘স্বেচ্ছাচারিতা’ নিয়ে বিস্ফোরক বৈভবের কোচ
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে টানা তিন ম্যাচে ভারতের প্রথম একাদশে সুযোগ পায়নি বৈভব সূর্যবংশী। ভালো পারফর্ম করার পরেও তাকে বসিয়ে সঞ্জু স্যামসনকে সুযোগ দিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। এই ঘটনা একেবারেই মানতে পারেননি বৈভবের ছোটবেলার কোচ মণীষ ওঝা। গৌতম গম্ভীর ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। তাঁর অভিযোগ, ক্রিকেটারদের বেঞ্চে বসিয়ে রেখে তৈরি করা যায় না। তাই বৈভবকে সুযোগ না দিয়ে দলে স্বেচ্ছাচারিতা চলছে, এমনটাই দাবি করলেন মণীষ।
বৈভবের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ ছোটবেলার কোচ
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম তিন ম্যাচেই একাদশে ছিল না বৈভব। এতেও রেগে গিয়েছেন তার ছোটবেলার কোচ। মণীষের মতে, দল নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেটারদের উন্নতির বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না।
Sports Now-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। স্পষ্ট বলেন, ‘আমার মনে হয়, বর্তমানে যে টিম ম্যানেজমেন্ট রয়েছে, তারা এক ধরনের স্বেচ্ছাচারিতা চালাচ্ছে। যখন যা মনে হচ্ছে, সেটাই করছে। বেঞ্চে বসিয়ে রেখে কোনওদিন ক্রিকেটার তৈরি হয়নি। ভবিষ্যতেও হবে না।’ মণীষের মতে, নিজের দক্ষতা প্রমাণের জন্য বৈভবকে মাঠে নামার সুযোগ দেওয়া উচিত ছিল।
বৈভবকে কি খেলানোর পরিকল্পনাই নেই ভারতের?
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই কিশোর ব্যাটারকে আদৌ সুযোগ দিতে চায় কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মণীষ। তিনি বলেন, ‘হয়তো ওরা আগেই ঠিক করে নিয়েছে যে এই ছেলেটাকে সুযোগ দেওয়া হবে না। ওকে বাইরে বসিয়ে রেখে এতটাই হতাশ করে দেওয়া হোক যে, ও শুধু ড্রিঙ্কস ব্রেকে জল নিয়ে যাওয়ার কাজটাই করবে।’ অর্থাৎ সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া তো বটেই, ভারতের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুললেন বৈভবের কোচ।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বুধবার, হায়দরাবাদে চতুর্থ ম্যাচ। বাকি ম্যাচগুলিতে বৈভব সুযোগ পায় কি না, এখন সেটাই দেখার।


