Advertisement

‘আমি তো অবাক’, গেমচেঞ্জার পুরস্কারের স্মার্টফোন এক মহিলাকে দিয়ে দিলেন কেএল রাহুল

এই সময়

প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬

কেএল রাহুল।,ছবি: সংগৃহীত
কেএল রাহুল।,ছবি: সংগৃহীত

মাঠে ব্যাট হাতে যেমন নজর কাড়েন, মাঠের বাইরেও তেমনই মন জিতে নিলেন কেএল রাহুল (KL Rahul)। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ‘গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ’ পুরস্কার হিসেবে পাওয়া স্মার্টফোন এক মহিলা আধিকারিককে উপহার দিলেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার। রাহুলের এমন আচরণে অবাক হয়ে যান ওই আধিকারিক। তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

শনিবার ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে নিউ জ়িল্যান্ডকে ৪ রানে হারায় ভারত। পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় শুবমান গিলের দল। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন গুরনুর ব্রার। তবে ম্যাচের পর রাহুলের একটি কাজই এখন ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

কেএল রাহুলের ছবি।

পুরস্কারের স্মার্টফোন উপহার রাহুলের

ম্যাচের পর পুরস্কার হিসেবে পাওয়া স্মার্টফোনটি এক মহিলা আধিকারিকের হাতে তুলে দেন রাহুল। এমন উপহার পেয়ে স্বাভাবিক ভাবেই অবাক হয়ে যান তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রকাশ করা একটি ভিডিয়োয় ওই আধিকারিককে বলতে শোনা যায়, ‘উনি আমাকে নিজের ফোনটা দিয়ে দিলেন। আমি সত্যিই একটু অবাক হয়ে গিয়েছি। আমাকে ফোনটা উপহার দেওয়াটা ওঁর খুবই ভালো মনের পরিচয়। সত্যি বলতে, এমন কিছু হবে বলে আমি একেবারেই ভাবিনি।’

রাহুলের এই আচরণের প্রশংসা করেছে BCCI-ও। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে, ‘বড় মাপের খেলোয়াড়, তার থেকেও বড় মনের মানুষ। এমন উদারতা এবং নিখাদ ভালো মনই কেএল রাহুলকে বাকিদের থেকে আলাদা করে।’

বৃষ্টিতে রক্ষা, সিরিজ়ে ২-০ এগিয়ে গেল ভারত

এ দিন প্রথমে বল করে নিউ জ়িল্যান্ডকে ৪১ ওভারে ১৩৪ রানে অলআউট করে ভারত। গুরনুর ব্রার ৩০ রানে ৪ উইকেট নিয়ে কেরিয়ারের সেরা বোলিং করেন। ড্যারিল মিচেল করেন ৫৫ রান। অকিব নবি এবং অংশুল কম্বোজ দু’টি করে উইকেট নেন।

কেএল রাহুলের ছবি।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ৪৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। শ্রেয়স আইয়ার ৩০ এবং কেএল রাহুল অপরাজিত ২৬ রান করে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে নিউ জ়িল্যান্ডের বোলাররা ভারতকে ১১৩ রানে ৭ উইকেটে আটকে দিলেও বৃষ্টি ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য প্রয়োজনীয় রানের চেয়ে ৪ রান এগিয়ে থাকায় জয় পায় ভারত।

গুরনুরের দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা হন তিনি। আগামী ১০ নভেম্বর হ্যামিল্টনে হবে সিরিজ়ের তৃতীয় এক দিনের ম্যাচ। সিরিজ়ে টিকে থাকতে জয়ের লক্ষ্যে নামবে নিউ জ়িল্যান্ড। অন্য দিকে, আরও একটি জয় তুলে নিয়ে সিরিজ় নিজেদের পকেটে পুড়তে চাইবে ভারত।

Lading . . .