Advertisement

যুজ়বেন্দ্র চাহালের হয়ে ব্যাট ধরলেন শ্রেয়স, ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন তারকা স্পিনার?

এই সময়

প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬

যুজ়বেন্দ্র চাহাল।,ছবি: সংগৃহীত
যুজ়বেন্দ্র চাহাল।,ছবি: সংগৃহীত

ভারতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটারদের ফেরানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। টি-টোয়েন্টি দলে যুজ়বেন্দ্র চাহালকে ফেরানোর দাবি জানিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার , এমনই দাবি টাইমস অফ ইন্ডিয়ার এক সাংবাদিকের। চাহাল দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে। তবে IPL-এ শ্রেয়সের নেতৃত্বে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন এই লেগস্পিনার। তাঁর প্রত্যাবর্তন নিয়ে নির্বাচকরা নতুন করে ভাববেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

চাহালকে ফেরানোর দাবি শ্রেয়সের?

টাইমস অফ ইন্ডিয়ার ক্রীড়া সাংবাদিক অরণি বসু সরাসরি আলোচনার সময় এই দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সংক্ষিপ্ততম আন্তর্জাতিক ক্রিকেটে চাহালকে ভারতীয় দলে দেখতে চান শ্রেয়স। তবে এই দাবি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। যুজ়ি চাহাল শেষ বার ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের অগস্টে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে।

যুজ়বেন্দ্র চাহালের ছবি।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ ছিল ওই বছরের জানুয়ারিতে। তার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। বর্তমানে ৩৬ বছর বয়সি এই স্পিনার সম্প্রতি নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটেও খেলেছেন।

আইপিএলে তাঁর দক্ষতা নিয়ে অবশ্য প্রশ্ন নেই। পাঞ্জাব কিংসের হয়ে শ্রেয়সের নেতৃত্বে খেলেছেন চাহাল। কিন্তু জাতীয় দলে ফেরার জন্য তাঁকে নির্বাচকদের আস্থা অর্জন করতে হবে। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার প্রবণতা সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে বেশি দেখা গিয়েছে। সেই পরিস্থিতিতে চাহালকে ফেরানো নিয়ে নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।

নির্বাচক বদলের পর কি ফিরবেন আরও অভিজ্ঞ ক্রিকেটার?

ভারতীয় ক্রিকেটে নির্বাচক বদলের পর অভিজ্ঞ ক্রিকেটারদের ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অজিত আগরকর প্রধান নির্বাচকের পদ ছাড়ার পর নির্বাচনের নীতিতে বদল এসেছে বলে মনে করছেন অনেকে। তাঁর সময়ে তরুণ ক্রিকেটারদের উপর বেশি ভরসা করা হতো বলে মত ক্রিকেট মহলের একাংশের।

যুজ়বেন্দ্র চাহালের ছবি।

নতুন নির্বাচক কমিটির দায়িত্বে রয়েছেন প্রজ্ঞান ওঝা। এই কমিটির আমলেই অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার জাতীয় দলে ফিরেছেন। আইপিএলের সাম্প্রতিক মরশুম এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে ফেরার সুযোগ পেয়েছেন তিনি। ফলে চাহালের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ক্ষেত্রেও একই রকম সম্ভাবনা তৈরি হচ্ছে কি না, তা নিয়ে আগ্রহ বাড়ছে।

চাহাল ছাড়াও মহম্মদ সামি এবং ক্রুণাল পান্ডিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা নিজেদের দলের হয়ে ধারাবাহিক ভাবে পারফর্ম করছেন। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা নির্বাচকরা ভাববেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। তবে শ্রেয়স সত্যিই চাহালকে দলে ফেরানোর দাবি জানিয়েছেন কি না, সেই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কেউ নিশ্চিত করেননি।

Lading . . .