সঞ্জুর বদলে বৈভবকে সুযোগ দিয়ে আক্ষেপ করেন গম্ভীর? মুখ খুললেন সেই রাত নিয়ে
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পরে সীমিত ওভারের ক্রিকেটে যথেষ্ট সফল দল। এর পাশাপাশি কোচ হিসেবে একাধিক সাহসী সিদ্ধান্তের জন্যও চর্চায় উঠে এসেছিলেন তিনি। এর মধ্যে একটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দিয়ে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া। আর এটাই তাঁর কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল বলে জানালেন গম্ভীর। এমনকী সেই সিদ্ধান্তের কারণে একটি রাত ঘুমোতেও পারেননি। কেন এই পথে হেঁটেছিলেন গম্ভীর?
সঞ্জুকে বসিয়ে বৈভবকে সুযোগ, ঘুমোতে পারেননি গম্ভীর
২০২৬ টি-২০ বিশ্বকাপের সেরা হওয়ার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় চলাকালীনই দল থেকে বাদ পড়েছিলেন সঞ্জু। কারণ, সেই সময় দুরন্ত ফর্মে ছিল তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। IPL 2026-এ একাধিক রেকর্ড গড়ার পরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও সেঞ্চুরি করেছিল সে।
এই নিয়ে গম্ভীর বললেন, ‘সত্যি বলতে, গত দু’বছরের কোচিং জীবনে ওটাই একমাত্র রাত ছিল, যেটায় আমি ঘুমোতে পারিনি। সঞ্জুকেও জানিয়েছিলাম সেটা। কারণ আমি জানতাম, টি-টোয়েন্টি ফরম্যাটে আমার কোচিং জীবনের সম্ভবত সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। যে ক্রিকেটার বিশ্বকাপের সেরা হয়েছিল, তাকে তিন-চার ম্যাচ পরে বাদ দিতে হচ্ছে। কারণ, তখন বৈভব দুরন্ত ফর্মে ছিল। আর আমাদের সিরিজ় জিততে হতো।’
সঞ্জুর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন গম্ভীর
বাদ দেওয়ার পরে সঞ্জুর সঙ্গে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন গম্ভীর। ভারতের হেড কোচ জানালেন, দলের টপ অর্ডারে দ্রুত রান করার পাশাপাশি ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করা প্রয়োজন ছিল। এতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারত বৈভব। সঞ্জুকে সেটা বুঝিয়ে বলার পরে এই সিদ্ধান্ত মেনে নেন তিনি, এমনটাই জানালেন গম্ভীর।
পরে বৈভবকেও বসতে হয়েছিল
তবে গম্ভীরের এই কোচিং দর্শন শুধু সঞ্জুর ক্ষেত্রেই প্রযোজ্য ছিল না। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়ে বৈভবকেও বাদ পড়তে হয়েছিল। সঞ্জুকে সুযোগ দিয়েছিলেন গম্ভীর। এই নিয়ে বৈভবকেও বুঝিয়েছিলেন তিনি। ভারতের হেড কোচ বলেন, ‘আমি বৈভবকেও বুঝিয়েছিলাম, কখনও তুমি ছন্দে থাকলেও, যারা দীর্ঘদিন ধরে ভালো করেছে, তাদের জন্য তোমাকে নিজের সুযোগের অপেক্ষা করতে হবে।’ তবে শেষে গম্ভীর সমালোচকদের এক হাত নিয়ে জানান, সোশ্যাল মিডিয়ার আলোচনা দেখে প্রথম একাদশ বেছে নেন না তিনি।


