IPL 2027-এ হার্দিক যোগ দিচ্ছেন এই দলে, KKR-এর মাথায় হাত
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬
IPL ২০২৭-এ কোন দলে খেলবেন হার্দিক পান্ডিয়া? এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি আলোচনা চলছিল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর রিপোর্ট যাতে একেবারেই পাল্টে গিয়েছে ছবিটা। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী মরশুমে পাঞ্জাব কিংসের জার্সিতে দেখা যেতে পারে হার্দিককে। তাঁর জায়গায় ট্রেড ডিলে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পারেন তারকা পেসার অর্শদীপ সিং। শুধু তাই নয়, অর্শদীপ ছাড়াও মুম্বইতে যোগ দিতে পারেন আরও এক ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। দুই দলের মধ্যে কথাবার্তাও এগিয়েছে অনেকটা। আর কী জানা গিয়েছে ওই রিপোর্টে?
পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন হার্দিক পান্ডিয়া?
এক ইংরাজি দৈনিকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। দুই দলের শীর্ষকর্তারাও হার্দিক-অর্শদীপ ট্রেডে সম্মতি দিয়েছেন বলে দাবি করা হয়েছে। IPL কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়ার কথা চলছে। ১৭ নভেম্বরের রিটেনশন ডেডলাইনের আগে, চলতি সপ্তাহেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে জানা গিয়েছে।
রিপোর্টে প্রকাশ, মুম্বই ইন্ডিয়ান্সের এক শীর্ষকর্তার প্রাথমিক প্রস্তাবের পরে হার্দিককে নেওয়ার ব্যাপারে আগ্রহ বাড়ে পাঞ্জাব কিংসের। তাই অর্শদীপকে ছেড়ে দিতে রাজি হয়েছে তারা। শুধু অর্শদীপ নন, এই ট্রেডের অংশ হিসেবে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদও যোগ দিতে পারেন মুম্বইতে। তবে এখনও পর্যন্ত এই দলবদল নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজ়ির তরফে সরকারি ঘোষণা হয়নি।
হার্দিককে নিতে আগ্রহী ছিল KKR-ও
হার্দিককে দলে নেওয়ার দৌড়ে শুধু পাঞ্জাব কিংসই ছিল না। রিপোর্ট অনুযায়ী, অন্তত তিনটি দলের সঙ্গে ট্রেডের সম্ভাবনা খতিয়ে দেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। KKR-এর সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছিল বলে দাবি করা হয়েছে। অন্য দিকে, অর্শদীপকে ছেড়ে দিলে পাঞ্জাবের দলে আরও একটি বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের বাঁহাতি পেসার মহসিন খানকে নেওয়ার জন্য অজ়ি অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে ট্রেড করার বিষয়টি খতিয়ে দেখছে পাঞ্জাব।
কেন মহসিন খানকে নিতে চাইছে পাঞ্জাব?
হার্দিক পান্ডিয়া দলে এলে পাঞ্জাবের পেস বোলিং অলরাউন্ডারের ক্ষেত্রে বিকল্প বাড়বে। মার্কো জ্যানসেনের সঙ্গে হার্দিককে খেলানোর পরিকল্পনা থাকলে স্টোইনিসের প্রয়োজনীয়তা কমতে পারে। সেই জায়গায় বাঁহাতি পেসার মহসিন খানকে দলে নিয়ে বোলিং আক্রমণ আরও ধারালো করতে চায় পাঞ্জাব।


