Advertisement

রঞ্জির এক ইনিংসে একাই তুলে নিলেন ৯ উইকেট, ইতিহাস হর্ষ দুবের

এই সময়

প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬

ইতিহাস লিখলেন হর্ষ দুবে।,ছবি: সংগৃহীত
ইতিহাস লিখলেন হর্ষ দুবে।,ছবি: সংগৃহীত

রঞ্জি ট্রফিতে বল হাতে অসাধারণ নজির গড়লেন হর্ষ দুবে (Harsh Dubey)। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই ৯টি উইকেট তুলে নিলেন বিদর্ভের বাঁহাতি স্পিনার। তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে কার্যত অসহায় হয়ে পড়েন মধ্যপ্রদেশের ব্যাটাররা। ইনিংসে বাকি একটি উইকেট নিয়েছেন দলের অন্য বোলার। পেশাদার ক্রিকেটে এটাই হর্ষের সেরা বোলিং পারফরম্যান্স। পাশাপাশি বিদর্ভের ক্রিকেট ইতিহাসেও নতুন কীর্তি গড়লেন তিনি।

বিদর্ভের হয়ে প্রথম, মধ্যপ্রদেশের বিরুদ্ধেও নজির

মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম উইকেটটি নিয়েছিলেন নচিকেতা ভূতে। তার পর থেকে বাকি ৯টি উইকেটই নিজের ঝুলিতে ভরেন হর্ষ। অর্থাৎ, প্রতিপক্ষের ইনিংসের বাকি সব ব্যাটারকেই সাজঘরে ফেরান তিনি। তাঁর শিকার হয়েছেন মধ্যপ্রদেশের অধিনায়ক রজত পতিদারও। মাত্র ২ রান করে হর্ষের বলে আউট হন পতিদার। এ ছাড়াও সারাংশ জৈন, শুভম শর্মা এবং আর্শাদ খানের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের ফিরিয়ে দেন এই বাঁহাতি স্পিনার।

রঞ্জিতে হর্ষ দুবের সেলিব্রেশনের ছবি।

এই পারফরম্যান্সের সুবাদে বিদর্ভের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার নজির গড়লেন হর্ষ। শুধু তাই নয়, মধ্যপ্রদেশের বিরুদ্ধেও এর আগে কোনও বোলার এক ইনিংসে এমন দাপট দেখাতে পারেননি। ফলে তাঁর এই কীর্তি নিঃসন্দেহে রঞ্জি ট্রফির চলতি মরশুমের অন্যতম সেরা পারফরম্যান্স।

রঞ্জি ট্রফিতে ছন্দে ফিরলেন হর্ষ

চলতি রঞ্জি ট্রফির মরশুমে এখনও পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছিলেন না হর্ষ। আগের তিনটি ম্যাচে মোট ১৪টি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু কোনও ম্যাচেই এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করতে পারেননি। সেই আক্ষেপই যেন এক ইনিংসে ৯ উইকেট নিয়ে মিটিয়ে দিলেন বিদর্ভের এই স্পিনার। মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁর বোলিংয়ে শুধু উইকেটের সংখ্যাই নয়, ছিল নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতাও। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে বিদর্ভকে চালকের আসনে বসিয়ে দেন তিনি। এই পারফরম্যান্স হর্ষের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়াবে।

রঞ্জিতে হর্ষ দুবের সেলিব্রেশনের ছবি।

লাল বলের ক্রিকেটে নজর কাড়ছেন, জাতীয় দলে এখনও সুযোগ অধরা

লাল বলের ক্রিকেটে হর্ষকে যথেষ্ট ভালো বোলার হিসেবেই মনে করা হয়। দীর্ঘ সময় ধরে বল করার ক্ষমতা এবং উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে তাঁর। তবে এখনও পর্যন্ত ভারতীয় সিনিয়র দলে খেলার সুযোগ পাননি এই স্পিনার। যদিও ভারতের হয়ে দু’টি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই দুই ম্যাচে মোট চারটি উইকেট নিয়েছেন তিনি। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখতে পারেন হর্ষ। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যেই ন’টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। অর্থাৎ, প্রয়োজনে ব্যাট হাতেও দলকে ভরসা দিতে পারেন এই অলরাউন্ডার।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে এক ইনিংসে ৯ উইকেট নিয়ে ফের নিজের প্রতিভার প্রমাণ দিলেন হর্ষ। রঞ্জি ট্রফিতে এমন পারফরম্যান্সের পর জাতীয় নির্বাচকদের নজরেও যে তিনি আসবেন, তা বলাই যায়। লাল বলের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন বিদর্ভের এই বাঁহাতি স্পিনার।

Lading . . .