মুম্বইয়ে যোগ দিতেই বাগদান সারলেন অর্শদীপ সিং, পাত্রীকে চেনেন?
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬

সদ্য পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন অর্শদীপ সিং। সেই খবরের কয়েক ঘণ্টার মধ্যে আরও একটা বড় খবরের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি। পাঞ্জাবি অভিনেত্রী সমরীন কৌরের সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং। সমরীন তাঁর সোশ্যাল মিডিয়ায় আংটি বদলের ছবি শেয়ার করেন।
A post shared by Samreen (@samreenkaur__)
বুধবার (১১ নভেম্বর) ইনস্টাগ্রামে দু’জনের একটি রোম্যান্টিক ফটোশুটের মাধ্যমে এই সুখবর ভাগ করে নেন তাঁরা। ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে আর্শদীপ সমরীনের হাতে পরিয়ে দিচ্ছেন হিরের এনগেজমেন্ট রিং। অন্য একটি ছবিতে আলিঙ্গন করতে দেখা যায় দু’জনকে। ছবির ক্যাপশনে জীবনের নতুন এই অধ্যায়কে স্বাগত জানিয়ে সমরীন লেখেন, ‘জীবন আমাদের যত উপহার দিতে পারত, তার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হলো আমরা একে অপরকে পেয়েছি। আজীবনের পথচলার শুরু। ১১.১১.২০২৬ (হাই ফিয়ন্সে)।’ নিমেষের মধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় নীতি পুলিশদের জবাব
এই ঘটনার ঠিক কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় একদল নীতি পুলিশ ও ট্রোলারদের কড়া জবাব দিতে হয়েছিল সমরীনকে। গত ১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ বিবৃতি জারি করে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। অনেকে অভিযোগ করেছিলেন, একজন সেলিব্রিটি ক্রিকেটারের সঙ্গে তিনি কেবল খ্যাতি ও বিপুল অর্থের লোভে সম্পর্কে জড়িয়েছেন। সেই কটূক্তি নস্যাৎ করে সমরীন জানিয়েছিলেন, মাত্র ১৭ বছর বয়স থেকেই তিনি নিজে উপার্জন করছেন এবং যথেষ্ট স্বাচ্ছন্দ্যেই নিজের জীবন গড়েছেন।
মহিলাদের লক্ষ্য করে সমাজের দ্বিমুখী আচরণের বিরুদ্ধে গর্জে উঠে অভিনেত্রী লিখেছিলেন, ‘আপনি যদি সম্পর্ক আড়ালে রাখেন, তবে লোকে বলবে আপনি সঙ্গীকে নিয়ে গর্বিত নন। যদি মন খুলে ভালোবাসেন, তবে বলা হবে খ্যাতির জন্য করছেন। নারীদের ওপর অযাচিত মতামত, ভুল ধারণা আর বিদ্বেষ চাপিয়ে দেওয়া অত্যন্ত ক্লান্তিকর।’ তিনি সাফ জানিয়েছিলেন, তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল বিদ্বেষ ছড়ানোর জায়গা নয় এবং তিনি নিজের জীবনে অত্যন্ত সুখী।
সমরীন কৌর কে?
২০০১ সালে জম্মু ও কাশ্মীরে জন্ম নেওয়া সমরীন কৌর মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন। ২০১৮ সালে তিনি ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করে রাজ্য ফাইনালিস্ট হন। বড় পর্দায় তাঁর উপস্থিতি নজর কেড়েছিল কবীর খান পরিচালিত ২০২১ সালের সাড়া জাগানো ছবি ‘৮৩’-তে। কপিল দেবের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সেই ছবিতে প্রাক্তন পেসার বলবিন্দর সিং সান্ধুর প্রেমিকা তথা বাগদত্তা সিমরনের চরিত্রে অভিনয় করেছিলেন সমরীন। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে অর্জুন রামপালের ছবি ‘নেল পলিশ’ এবং পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের ছবি ‘সরদার জি ২’-তে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। এছাড়া বাদশা ও গুরু রনধাওয়ার মতো দেশের শীর্ষ পপ তারকাদের মিউজ়িক ভিডিওতে তিনি অত্যন্ত পরিচিত মুখ।


