বন্ধ শুটিং, টেলিকাস্ট হচ্ছে ‘কেবিসি’র পুরোনো এপিসোড, গুরুতর অসুস্থ অমিতাভ?
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছিলেন শরীরটা একেবারেই ভালো নেই তাঁর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ অমিতাভ বচ্চন। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন বলেও জানিয়েছেন বিগ বি। সূত্রের খবর, যে কারণে আপাতত বন্ধ ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং। এমনকী নতুন পর্বের পরিবর্তে পুরোনো পর্ব সম্প্রচারিত হচ্ছে বলে খবর।
দীর্ঘ বছর ধরে এই শোয়ের সঞ্চালনা করছেন অমিতাভ। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকায়, শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যানেলের তরফে দীপাবলি স্পেশাল এপিসোডগুলো সম্প্রচার করা হচ্ছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এ তারকাদের নিয়ে যে বিশেষ শুটিং হয়েছিল, যেখানে হাজির ছিলেন রণবীর কাপুর, সাই পল্লবী এবং রবি দুবে। প্রথমে মনে করা হয়েছিল ‘রামায়ণ’-এর মুক্তির সময়ে এপিসোডটি সম্প্রচার হবে। কিন্তু অমিতাভের অসুস্থতার কারণে প্ল্যান চেঞ্জ হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই পুনরায় শুরু হবে শুটিং। যদিও অভিনেতার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে সমস্ত পরিস্থিতি। যদিও নিজের ব্লগে শনিবারই জানিয়েছেন, শীঘ্রই কাজে ফিরবেন। প্রতিদিনের অভ্যাস থেকে খুব বেশিদিন দূরে থাকতে চান না বলেও জানিয়েছেন অভিনেতা।
শরীর খারাপ সত্ত্বেও অনুরাগীদের সঙ্গে রবিবারের সাক্ষাৎ বাদ দেননি অমিতাভ। বুলেটপ্রুফ ব্যারিকেডে, কড়া নিরাপত্তায় ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। গত অক্টোবর মাসে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র একটি পর্বের শুটিংয়ের সময়ে পিছলে পড়ে বাম হাঁটুতে চোট পান তিনি। যদিও আঘাত গুরুতর নয় বলে অনুরাগীদের জানিয়েছেন অভিনেতা।


