কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পুনর্গঠন ও পদের রদবদল করা হচ্ছে। দলটির আহ্বায়ক ও সদস্য সচিব পদ দুটি অপরিবর্তিত থাকলেও শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের নাম ও দায়িত্বে পরিবর্তন আনা হচ্ছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী—মুখ্য সমন্বয়ক, মুখপাত্র এবং উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের মতো পদগুলো বিলুপ্ত করা হচ্ছে।
এর পরিবর্তে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নামে নতুন নতুন পদ তৈরি করা হয়েছে। আজ রাতের মধ্যেই এই পুনর্গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
কমিটি পুনর্গঠনের সূত্র অনুযায়ী, নতুন পদে বড় দায়িত্ব পেতে যাচ্ছেন দলটির শীর্ষ চার তরুণ নেতা। বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নতুন কমিটিতে 'সিনিয়র যুগ্ম আহ্বায়ক' হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
অন্যদিকে, বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে 'সিনিয়র যুগ্ম সদস্য সচিব' পদে মনোনীত করা হচ্ছে। এর মধ্যে সারজিস আলম মূলত দলটির সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন এবং সাংগঠনিক সহপ্রধান হিসেবে তাঁর সাথে কাজ করবেন আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।
রাজনৈতিক পর্ষদের সভায় আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী একটি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠে সক্রিয় থাকবেন। দলের শীর্ষ নেতারা এই সময়ে নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।
এছাড়া দলের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাতসহ অন্যন্যরা সভায় অংশ নিয়ে এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত করেন।
এমএইচ
আরও পড়ুন


