জয়পুরহাটে ফুটবলের ফাইনাল দেখতে ভিড়, স্টেডিয়াম ছাপিয়ে দর্শক ছাদ-চিলেকোঠায়
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়পুরহাট সদর উপজেলা দলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা দল। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রিয় দলকে সমর্থন জানাতে ১৪টি বাসে করে কালাই থেকে স্টেডিয়ামে আসেন ফুটবলপ্রেমীরা। উদ্বোধনী দিনের চেয়ে ফাইনালে দর্শকের উপস্থিতি ছিল বেশি। জায়গা না পেয়ে স্টেডিয়ামসংলগ্ন বাড়ির ছাদ ও চিলেকোঠায় বসেও অনেকে খেলা দেখেন।
ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ চালায়, কিন্তু গোলের দেখা পায়নি কেউ। টাইব্রেকারে কালাই উপজেলা দল চারটি গোল করে, সদর উপজেলা দল করে তিনটি। এতে এক গোলের ব্যবধানে জয় পায় কালাই।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, দর্শকদের যাতায়াতের জন্য উপজেলা প্রশাসন ও ব্যক্তিগত উদ্যোগে ১৪টি বাসের ব্যবস্থা করা হয়েছিল। দর্শকেরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে খেলা উপভোগ করেছেন।
কালাইয়ের তালুকদারপাড়া মহল্লার বাসিন্দা আইনজীবী নাফিউজ্জামান তালুকদার শুরু থেকেই দলের পাশে ছিলেন। দর্শকদের যাতায়াতের জন্য তিনি পাঁচটি বাসের ব্যবস্থা করেন। এ ছাড়া খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের ২০০টি জার্সিও উপহার দেন। জয়ের পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি!’
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম সরকার। গত ২৫ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হয়েছিল। জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার মোট আটটি দল এতে অংশ নেয়। নকআউট পদ্ধতিতে প্রতিদিন একটি করে ম্যাচ হয়েছে। ফাইনালের মধ্য দিয়ে গতকাল টুর্নামেন্ট শেষ হয়।
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে আটটি দলের খেলাই দেখেছেন জানিয়ে গ্যালারিতে থাকা দর্শক শফিকুল ইসলাম বলেন, সব দলই মোটামুটি ভালো খেলেছে। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে তরুণদের মুঠোফোনের আসক্তি কমাতে সহায়ক হবে।
ফাইনাল খেলার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা জরুরি। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান চ্যাম্পিয়ন কালাই ও রানার্সআপ জয়পুরহাট সদর উপজেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গোলজার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা প্রশাসক আল মামুন মিয়া ও পুলিশ সুপার শাহনাজ বেগম।
আরও পড়ুন


