পিএইচপির নিরাপত্তাত্রুটি সমাধানের নেপথ্যের নায়ক কে এই অন্দ্রেজ সুরি
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬

বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা ও ওপেন সোর্স সফটওয়্যারের স্থায়িত্ব রক্ষার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি কাজ করে থাকেন। স্বেচ্ছাসেবামূলক এসব কাজের মাধ্যমে বিভিন্নভাবে ইন্টারনেটের নিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখেন তাঁরা। এমনই এক ব্যক্তি অন্দ্রেজ সুরি। সম্প্রতি বিশ্বজুড়ে লাখ লাখ ওয়েবসাইটে ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় থাকা নিরাপত্তাত্রুটির সমাধান দ্রুত তৈরি করে বড় ধরনের বিপর্যয় রোধ করেছেন তিনি। পিএইচপি ফাউন্ডেশন নতুন সংস্করণ প্রকাশ করলেও হ্যাকাররা আগের সংস্করণে থাকা ত্রুটিগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা করায় বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো নজিরবিহীন সতর্কতা জারি করার পাশাপাশি নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে নিজের অবসর সময়ে বিশ্বজুড়ে ওয়েবসাইটের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে সাহায্য করছেন অন্দ্রেজ সুরি। উইন্ডোজের মতো ফ্রি অপারেটিং সিস্টেম লিনাক্সের দুটি জনপ্রিয় সংস্করণের জন্য তিনি স্বেচ্ছায় সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করেন। এসব অপারেটিং সিস্টেম মূলত ওয়েব সার্ভারে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ওয়েবসাইট পিএইচপি প্রোগ্রামিং ভাষার ওপর ভিত্তি করে গঠিত। অন্দ্রেজ সুরি এসব সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার কাজ করেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে পিএইচপির দুটি বড় সাইবার নিরাপত্তাত্রুটি শনাক্ত করা হয়। এরপর অন্দ্রেজ সুরির সহায়তায় পিএইচপি ফাউন্ডেশন দ্রুত সমাধান প্রকাশ করে। অন্দ্রেজ সুরি বলেন, ‘আমার মনে হয় আমি এসব মানুষের জন্য কাজ করছি। আমি তাদের ব্যর্থ হতে দিতে পারি না।’
অন্দ্রেজ সুরি মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনেট সিস্টেম কনসোর্টিয়ামে ডিএনএস ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হিসেবে কর্মরত। অবসর সময়ে তিনি ডেবিয়ান এবং উবুন্টু নামক লিনাক্স সংস্করণের জন্য পিএইচপি সফটওয়্যার প্যাকেজ রক্ষণাবেক্ষণ করেন। পিএইচপি প্রজেক্টের সোর্স কোড নিয়ে সেগুলোকে সহজে ব্যবহারযোগ্য প্যাকেজে রূপান্তরও করেন তিনি। অন্দ্রেজ সুরি বলেন, এমন কাজ বেশ তৃপ্তিদায়ক। আমি অনুভব করি আমার কাজের একটি উদ্দেশ্য রয়েছে। এর পাশাপাশি আমি মনে করি পিএইচপির সঙ্গে যুক্ত অন্য মানুষদের যথেষ্ট কৃতিত্ব দেওয়া হয়নি।
অন্দ্রেজ সুরিকে আগে থেকেই দুর্বলতার বিষয়ে জানিয়েছিল পিএইচপি কর্তৃপক্ষ। দুর্বলতার তথ্য অনলাইনে ফাঁস হওয়ার পর দ্রুত হালনাগাদ তৈরির কাজ শুরু হয়। অন্দ্রেজ সুরি বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম এটি বেশ গুরুতর এবং মানুষকে পিএইচপির প্যাকেজিং তৈরি করে দেওয়ার জন্য আমার হাতে বেশি সময় নেই। বিশ্বজুড়ে আরও বেশ কয়েকজন ডেভেলপার এই ক্ষতিকর সাইবার হামলা ঠেকাতে দ্রুত কাজ শুরু করেন। এই ঘটনা প্রমাণ করে, ইন্টারনেটের মূল অবকাঠামো প্রায়ই নিবেদিতপ্রাণ ডেভেলপারদের ওপর কতটা নির্ভরশীল।’
সাইবার নিরাপত্তায় এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অন্দ্রেজ সুরি বলেন, ‘আমার মনে হয় পিএইচপি–ত্রুটিটি বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনা। সাইবার নিরাপত্তায় এআইয়ের ক্ষমতা বৃদ্ধির কারণে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভবিষ্যতে এমন ঘটনা আবার ঘটতে পারে এবং মানুষকে আরও দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’
সূত্র: বিবিসি


